প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:০১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন । ছবি : সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন । ছবি : সংগৃহীতদেশে আইন ও বিচারব্যবস্থা রয়েছে উল্লেখ করে বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরে আইনের কাছে নিজেদের সোপর্দ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, গায়ের জোরে মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া কিংবা কাউকে হত্যা করা রাজনীতি নয়, গণতন্ত্রের ভাষাও নয়।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বরের সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের সৎ সাহস থাকলে দেশে ফিরে আইনের কাছে নিজেদের সোপর্দ করা উচিত। দেশে আইন ও আদালত রয়েছে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের মানুষ গণতন্ত্র অর্জন করেছে। ২০২৪ সালের ৫ আগস্টও দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করেছে। কীভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়, তা বাংলাদেশের মানুষ জানে। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। প্রয়োজনে তারা এসব কর্মকাণ্ডের সমুচিত জবাব দেবে।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফর প্রসঙ্গে এ জেড এম জাহিদ হোসেন জানান, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। এ ছাড়া নদী পুনঃখনন কার্যক্রম এবং একটি ফ্লাইওভার উদ্বোধন করবেন তিনি।
এ সময়, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোসহ বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসকে