
রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে । ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে । ছবি : সংগৃহীতরাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলের জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও হীরার গয়না চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ভরি বলে দাবি করেছে দোকান কর্তৃপক্ষ। এ ছাড়া, নগদ প্রায় ২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরির আগে দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীকে ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়েছিল’। ফলে দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, চুরির উদ্দেশ্যে তিন থেকে পাঁচজন ব্যক্তি শপিং মলে প্রবেশ করেন। পরে তারা পূরবী জুয়েলার্সের সামনে গিয়ে ভবনের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করতে তার কেটে দেন। এ সময় কয়েকটি ক্যামেরাও ভাঙচুর করা হয়।
প্রায় এক ঘণ্টা পর বস্তায় করে গয়না ও টাকা নিয়ে শপিং মল থেকে বেরিয়ে যান চক্রের সদস্যরা। তাদের মধ্যে তিনজন অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, চুরির আগে মার্কেটে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশানো হয়। এতে তারা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা চুরির সুযোগ পায়। এ ঘটনায়, দোকানের নিরাপত্তাকর্মী নিজাম শিকদার এবং মার্কেটের নিরাপত্তাকর্মী হালিম ও সালামের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
পূরবী জুয়েলার্সের এক কর্মকর্তা জানান, দোকান থেকে আনুমানিক ২ হাজার ভরি গয়না চুরি হয়েছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। পাশাপাশি নগদ অর্থও খোয়া গেছে।
ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
এ দিকে, শপিং মলের জুয়েলারি দোকানে এমন বড় চুরির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, একই দোকানে এর আগেও একাধিকবার চুরির চেষ্টা হয়েছিল। এবার বিপুল পরিমাণ স্বর্ণালংকার খোয়া যাওয়ায় শপিং মলের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
সময়ের আলো/এসকে