প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম

মাদকবিরোধী আলোচনা এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে এস এ জিন্নাহ কবীর। ছবি : সংগৃহীত
মাদকবিরোধী আলোচনা এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে এস এ জিন্নাহ কবীর। ছবি : সংগৃহীতমাদকমুক্ত সমাজ গড়তে মাদক সেবনকারী ও কারবারিদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। তিনি বলেন, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক নির্মূল ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের সোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক জনসচেতনতা ও মাদকবিরোধী আলোচনা এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এ জিন্নাহ কবীর বলেন, আগে সমাজ ও দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। পাশাপাশি চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, জনগণ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী জনগণকে উন্নয়ন দিচ্ছেন। ঘিওর উপজেলায় উন্নয়নকাজের জন্য ইতোমধ্যে ২ কোটি ২৯ লাখ টাকা বরাদ্দ হয়েছে।
আলোর দিশারী যুব সংঘ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহাব্বত কবীর, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু এবং মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম।
সংগঠনটির সভাপতি মো. খালেক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সময়ের আলো/এনএন