চা বাগানে ৮ বছর পর শান্তিপূর্ণ নির্বাচন

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ আট বছর পর বহুল প্রতীক্ষিত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া

2026-11-28T19:19:35+00:00
2026-11-28T19:19:35+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
চা বাগানে ৮ বছর পর শান্তিপূর্ণ নির্বাচন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম 
ভোটারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে চা বাগানের ভোটকেন্দ্রগুলো। ছবি : সময়ের আলো
ভোটারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে চা বাগানের ভোটকেন্দ্রগুলো। ছবি : সময়ের আলো
দীর্ঘ আট বছর পর বহুল প্রতীক্ষিত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে চা বাগানের ভোটকেন্দ্রগুলো। নির্বাচনে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন একজন করে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও সহকারী পোলিং অফিসার। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সীমান্তবর্তী কয়েকটি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয় এক প্লাটুন বিজিবি। এছাড়া ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা।

দেশে ১৬৭টি মূল ও ৬৪টি ফাঁড়ি চা বাগান রয়েছে। প্রতিটি বাগানে রয়েছে একটি করে পঞ্চায়েত। এসব পঞ্চায়েতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের প্যানেল নির্বাচিত হওয়ার কথা। একই দিনে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দেশের সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই প্রায় ১০ লাখ চা শ্রমিকের মধ্যে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ১ লাখ ৪ হাজার।

হবিগঞ্জ জেলায় মূল ও ফাঁড়ি মিলিয়ে রয়েছে ৪১টি চা বাগান। চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার এসব বাগানে ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বাগানের সরকারি ও বাগান পরিচালিত বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয় ভোটকেন্দ্র।

চা শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালি হলো লস্করপুর, বালিশিরা, মনু-ধলাই, লংলা, জুড়ী, সিলেট ও চট্টগ্রাম। প্রতিটি ভ্যালির অধীনে রয়েছে ২৫ থেকে ৩০টি বাগান পঞ্চায়েত। বাগান পর্যায়ে পঞ্চায়েত সদস্যরা শ্রমিকদের প্রতিনিধিত্ব করেন। কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পৃথক দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী সময়ের আলোকে জানান, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। স্থানীয় পঞ্চায়েত কমিটির ফলাফল তাৎক্ষণিক ঘোষণা করা হবে। তবে কেন্দ্রীয় পদের ফলাফল সারা দেশের ভোট একত্রিত করে ঘোষণা করতে হবে। এ কারণে ফলাফল মধ্যরাত কিংবা রবিবার সকাল পর্যন্ত গড়াতে পারে। কেন্দ্রীয় কমিটির ফলাফল শ্রীমঙ্গল চা শ্রমিক বোর্ড থেকে ঘোষণা করা হবে।

চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। ২০২১ ও ২০২৪ সালের নির্ধারিত নির্বাচন নানা জটিলতায় অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শ্রমিকদের মধ্যে নেতৃত্ব নির্বাচন নিয়ে অপেক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছিল।

এদিকে, নির্বাচনের আগে বিভিন্ন প্যানেল শ্রমিকদের কাছে নিজেদের ইশতেহার ও প্রতিশ্রুতি তুলে ধরেছে। শিক্ষা, স্বাস্থ্য, মজুরি ও শ্রমিকদের অধিকার রক্ষাসহ নানা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। শ্রমিকরা এসব ইশতেহারকে স্বাগত জানিয়ে নির্বাচিত নেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন।


চানপুর চা বাগানের নারী শ্রমিক কৃষ্ণা সাঁওতাল বলেন, আমাদের শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে যারা কথা বলবে এবং কাজ করবে, তারাই যেন নির্বাচিত হয়।

পারকুল চা বাগানের মনি রিকিয়াশন বলেন, আমরা বাগানের শ্রমিকরা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে পিছিয়ে আছি। আমাদের বিপদে-আপদে যারা পাশে থাকবে, তাদেরকেই আমরা চাই।

শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা, নতুন নেতৃত্ব তাদের জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চা বাগান  শান্তিপূর্ণ নির্বাচন  হবিগঞ্জ  চা শ্রমিক ইউনিয়ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: