প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম

স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেন। ছবি : সংগৃহীত
স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেন। ছবি : সংগৃহীতনাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে সালমান ইসলাম রাফি (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার আগে নাটোর কালেক্টরেট স্কুলের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক।
এর আগে শনিবার বিকেলে নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিক বাদী হয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি করেন। এতে ২৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত এ স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে তাঁকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।
সময়ের আলো/এনএন