
অভিযুক্ত পরিবারের বসতবাড়ি। ছবি : সময়ের আলো
অভিযুক্ত পরিবারের বসতবাড়ি। ছবি : সময়ের আলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের চারটি মহল্লায় একটি পরিবারের বিরুদ্ধে মাদক কারবার ও চুরির অভিযোগ উঠেছে। প্রায় এক দশক ধরে তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছেন। এতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগে চানমনিপাড়া এলাকার প্রয়াত কবির হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগম (৪৮) এবং তার তিন ছেলে নাঈম হোসেন (৩০), সাঈম হোসেন (২২) ও ১৭ বছর বয়সী কিশোরের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কবির হোসেনের মৃত্যুর পর তার স্ত্রী তিন ছেলেকে নিয়ে চানমনিপাড়া, হালুয়াপাড়া, ছোট দেওয়ানপাড়া ও মোগলটুলা এলাকায় ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা চালিয়ে আসছেন। পাশাপাশি বাড়িতে কেউ না থাকলে কিংবা রাতের বেলায় বিভিন্ন বাসাবাড়িতে চুরি করেন তারা।
সম্প্রতি এক প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ছাড়া চানমনিপাড়ার একটি খালি বাড়িতে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজেও তাদের দেখা গেছে বলে দাবি স্থানীয়দের।
এলাকার বাসিন্দা নুরুল হুদা বলেন, থানার হাঁটা দূরত্বে বাড়ি হলেও মাদক কারবার বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাদের ভয়ে মানুষ প্রতিবাদ করতেও সাহস পায় না।
সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, ২০২৪ সালে সালিশের মাধ্যমে পরিবারটিকে সামাজিকভাবে বয়কট ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কিন্তু সপ্তাহখানেক পর তারা ফিরে এসে আবার আগের কর্মকাণ্ড শুরু করে। একাধিকবার জেল খাটলেও জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
তবে লিখিত আবেদনে অপ্রাপ্তবয়স্ক ছেলেটির পুনর্বাসন ও শিক্ষার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ অস্বীকার করে ইয়াসমিন বেগম বলেন, তার ছেলেরা নেশা করে, এটি সত্য। তবে তারা চুরি বা মাদক বিক্রির সঙ্গে জড়িত নন। কেউ তাদের হাতেনাতে ধরতে পারেনি। নিরীহ হওয়ায় এলাকার লোকজন তাদের ওপর দোষ চাপাচ্ছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলায় সদ্য যোগ দেওয়া নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির জানান, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তিনি।
সময়ের আলো/এনএন