
দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীতপ্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে মহানগর নাগরিক কমিটি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ।
কমিটির অন্য দাবিগুলো হলো—আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করা, বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং এ খাত বেসরকারীকরণের তৎপরতা বন্ধ করা।
হরতাল সফল করতে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছে সংগঠনটি। চার দফা দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পলাশ কান্তি নাগ বলেন, এ হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়; বরং সব বিদ্যুৎ গ্রাহকের স্বার্থে। মহানগর নাগরিক কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও চিন্তাশীল মানুষের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। পেশিশক্তি বা জবরদস্তি নয়, জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে হরতাল সফল করতে চান তারা।
তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান ও নির্বাচন-পরবর্তী সময়ে দেশের ইতিহাসে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে জনগণের নিজস্ব দাবিতে এটিই প্রথম হরতাল হতে যাচ্ছে।
প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ প্রকাশ করে পলাশ কান্তি নাগ বলেন, বিদ্যুৎ মুনাফার পণ্য নয়, এটি জনগণের অধিকার। বিদ্যুৎ বিভাগ সেবামূলক প্রতিষ্ঠান হলেও সেখানে ন্যূনতম জবাবদিহিতা নেই। জনমত উপেক্ষা করে মুষ্টিমেয় দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থে একতরফাভাবে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। অথচ জনগণ এই মিটার চায় না।
তার দাবি, পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ থেকে তিন গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে এটি জনগণের পকেট কাটার ফাঁদ ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হলেও এখনো তা বহাল রয়েছে।
পলাশ কান্তি নাগ অভিযোগ করেন, বর্তমান সরকারও আগের সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। সারাদেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকের সমস্যা কেন আমলে নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায্য দাবির পক্ষে দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে হরতাল সফল করার আহ্বান জানান তিনি।
সময়ের আলো/এনএন