প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম

আতাউর রহমান ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আতাউর রহমান ভূঁইয়া। ছবি : সংগৃহীতকুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মানিকারচর ইউনিয়ন শাখার সহসভাপতি জসীম সরকারকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়।
পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপরই কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মো. মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লা উত্তর জেলা আওতাধীন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জসীম সরকারকে আটক করে মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন। এরপর মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়ার সুপারিশে আটক যুবলীগ নেতাকে ছেড়ে দেয় পুলিশ। এমন অভিযোগের ভিত্তিতে মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করেছে জেলা পুলিশ।
সময়ের আলো/এনএন