প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম

গ্রেফতার হালিমুল হক মিরু। ছবি : সময়ের আলো
গ্রেফতার হালিমুল হক মিরু। ছবি : সময়ের আলোসিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নলুয়া ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসী বাধা দেন। এতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বাধার মুখে তাকে গ্রেফতার না করেই ফিরে যায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর শনিবার বিকেলে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে নলুয়া ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এতে পুলিশের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরুকে গ্রেফতার করতে গিয়ে সৃষ্ট ঘটনার পর গত ২৪ ঘণ্টায় শাহজাদপুর থানা পুলিশের বিভিন্ন অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে জানমালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলবে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
এদিকে, ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন—এমন কোনো সাধারণ মানুষকে গ্রেফতার না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মিরুকে গ্রেফতারে বাধা এবং পরবর্তী সময়ে পুলিশের সাঁড়াশি অভিযান নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/এনএন