প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ এএম

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ছবি : সংগৃহীত
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ছবি : সংগৃহীত রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মিরপুরে দুটি বাসে আগুন দেওয়ার পর এবার দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে দৈনিক বাংলা মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নির্বাপণ করে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।
এর আগে শনিবার রাত ১১টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটির নাম জানা যায়নি।
এরও আগে সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত ৭টা ৩৮ মিনিটে আগুন নির্বাপণ করেন।
সময়ের আলো/জেডি