সীমান্ত থেকে পদ্মার চর হয়ে ছড়িয়ে পড়ছে অবৈধ অস্ত্র

মাহী ইলাহি, রাজশাহী

সারাদেশ

সীমান্তের নির্জন চর, নদীর তীর কিংবা পরিত্যক্ত মোটরসাইকেল— অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার জন্য অপরাধী চক্রের কাছে যেন সবই নিরাপদ আস্তানা।

2026-11-28T23:29:55+00:00
2026-11-28T23:29:55+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
অস্ত্রের গোপন করিডোর পদ্মার চর
সীমান্ত থেকে পদ্মার চর হয়ে ছড়িয়ে পড়ছে অবৈধ অস্ত্র
মাহী ইলাহি, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
সীমান্তের নির্জন চর, নদীর তীর কিংবা পরিত্যক্ত মোটরসাইকেল— অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার জন্য অপরাধী চক্রের কাছে যেন সবই নিরাপদ আস্তানা। কখনো মাটির নিচে পুঁতে রাখা ব্যাগে, কখনো যাত্রীবাহী বাসে, আবার কখনো ব্যক্তিগত যানবাহনে বহন করে এসব অস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন গন্তব্যে। রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মহানগরী পর্যন্ত একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা জানান দিচ্ছে চোরাচালানের বিস্তৃত নেটওয়ার্কের অস্তিত্বের কথা।

রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী পদ্মার তীরবর্তী এলাকা থেকেও অস্ত্র পাওয়া যাচ্ছে। এসব অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পুলিশ সুপার মামুন অর রশিদ বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশ কাজ করছে। সীমান্তবর্তী এলাকা ও আশপাশে নজরদারি রাখা হয়েছে। অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে গত ছয় মাসে উদ্ধার হয়েছে অন্তত ২৮টি আগ্নেয়াস্ত্র। একই সময়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন ও গান পাউডার। সবশেষ এক সপ্তাহের মধ্যে তিনটি অভিযানে মিলেছে ছয়টি বিদেশি পিস্তল। এসব ঘটনায় রাজশাহীকে শুধু অস্ত্রের প্রবেশপথ নয়, দেশের বিভিন্ন অঞ্চলে অস্ত্র সরবরাহের মধ্যবর্তী করিডোর হিসেবে ব্যবহারের আশঙ্কাও তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে রাজশাহী হয়ে খুলনা, কুষ্টিয়াসহ দূরবর্তী জেলায় অস্ত্র পাঠানোর তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। অস্ত্রের চালান বহনকারী কয়েকজন আটক হলেও সরবরাহকারী ও অর্থের জোগানদাতাদের পরিচয় এখনও অন্ধকারে। অস্ত্র উদ্ধারের এই ধারাবাহিকতার মধ্যেই গত ১০ নভেম্বর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের কাছে দুটি গ্রেনেড পাওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেনেড দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন। ঘটনার দুই সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও শনাক্ত করা যায়নি জড়িত কাউকে।

এক সপ্তাহে ছয় বিদেশি পিস্তল উদ্ধার  

রাজশাহীতে সাম্প্রতিক অস্ত্র উদ্ধারের ঘটনাগুলো বিশ্লেষণ করলে চোরাচালানের একটি নির্দিষ্ট রুটের ইঙ্গিত পাওয়া যায়। গত ২০ নভেম্বর রাতে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের সরাইল এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল ও গুলিসহ চাঁপাইনবাবগঞ্জের শাহীন ও পিংকিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া পিস্তল দুটি স্টেইনলেস স্টিলের তৈরি সেমি-অটোমেটিক অস্ত্র। দুটির গায়েই ‘ইউএসএ’ লেখা ছিল। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অস্ত্র দুটি খুলনায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে কার কাছে বা কোথায় সেগুলো হস্তান্তর করতে হবে সে বিষয়ে তাদের নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। খুলনায় পৌঁছানোর পর পরবর্তী নির্দেশনা পাওয়ার কথা ছিল। পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, অস্ত্র বহনকারীদের গন্তব্যে পৌঁছে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। অস্ত্র দুটি ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন বেআইনি কাজে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল বলে মনে করছে পুলিশ।

এর আগে ১৬ নভেম্বর সিটি হাট বাইপাসে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একই ধরনের দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে এসআরবি। ২৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। এসব ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র এনে কখনো বাসে, কখনো ব্যক্তিগত যানবাহনে পরিবহন করা হচ্ছে। আবার কিছু অস্ত্র পদ্মার চর কিংবা নির্জন এলাকায় লুকিয়ে রেখে পরে সুযোগ বুঝে সরিয়ে নেওয়া হচ্ছে।

পদ্মার চর থেকে মহানগরী— অস্ত্রের সন্ধান 

রাজশাহী অঞ্চলে অস্ত্র উদ্ধারের ঘটনা শুধু সাম্প্রতিক নভেম্বর মাসের অভিযানে সীমাবদ্ধ নয়। বছরের শুরু থেকেই জেলার সীমান্তবর্তী এলাকা, পদ্মার চর ও মহানগরীর বিভিন্ন স্থানে পাওয়া গেছে বিদেশি আগ্নেয়াস্ত্র। গত ৬ ফেব্রুয়ারি বাঘা উপজেলার সীমান্তবর্তী রাউথা চর এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। একটি পরিত্যক্ত মোটরসাইকেল তল্লাশি করে এসব অস্ত্র পাওয়া যায়। এর আগে ১৯ জানুয়ারি ভারতীয় সীমান্তসংলগ্ন পদ্মার চর থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে ছিল দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি। ১৩ জানুয়ারি মহানগরীর শাহ মখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে একটি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। মার্চে চারঘাটের রাওথা বালুঘাট থেকে একটি বিদেশি রিভলভার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। একই মাসে মহানগরীর দক্ষিণ নওদাপাড়া থেকে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব-৫। মে মাসে পদ্মার তীরবর্তী নবগঙ্গা আইবাঁধ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি পাওয়া যায়। এরপর ২ জুন গোদাগাড়ীর রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সে সময় মহানগর পুলিশ জানিয়েছিল, অস্ত্রের চালানটি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল।

চোরাচালানের উৎস নিয়ে প্রশ্ন  

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী গত ছয় মাসে রাজশাহী অঞ্চলে উদ্ধার হওয়া অন্তত ২৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এসআরবি উদ্ধার করেছে ১৭টি। এ ছাড়া সংস্থাটি ১৬ কেজি গান পাউডার উদ্ধার করেছে। জেলা পুলিশ উদ্ধার করেছে ছয়টি বিদেশি পিস্তল ও গুলি। বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে পাঁচটি অস্ত্র ও গুলি। এসআরবির হিসাব অনুযায়ী উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৯টি পিস্তলের গায়ে যুক্তরাষ্ট্রে তৈরি বলে উল্লেখ রয়েছে। রাজশাহী এসআরবি-৫-এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক বলেন, মেড ইন ইউএসএ লেখা থাকলেই অস্ত্রটি যুক্তরাষ্ট্র থেকে এসেছে তা নিশ্চিত করে বলা যায় না। পাশের দেশ থেকেও এ ধরনের অস্ত্র সংগ্রহের সুযোগ রয়েছে। ব্যালিস্টিক পরীক্ষা হলে অস্ত্রগুলোর ব্যবহার ও অন্যান্য বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অস্ত্রের উৎস বা উৎপাদনকারী দেশ যা-ই হোক, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকানোই তাদের লক্ষ্য। বিষয়টি সবার জন্য উদ্বেগের।

বিমানবন্দরের সামনে গ্রেনেড, গ্রেফতার নেই  

গত ১০ নভেম্বর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের কাছে দুটি গ্রেনেড পাওয়ার ঘটনা নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, গ্রেনেড দুটি ফ্র্যাগমেন্টেশন ধরনের। বিস্ফোরণের সময় এ ধরনের গ্রেনেড থেকে চারদিকে ধাতব টুকরো ছড়িয়ে পড়ে যা প্রাণঘাতী হতে পারে। গ্রেনেড দুটিতে চীনা ফিউজ লাগানো ছিল। এগুলো মিয়ানমার থেকে আসতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা। তবে গ্রেনেডের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ব্যাচসংক্রান্ত তথ্য মুছে যাওয়ায় সেগুলোর প্রকৃত উৎস নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজীউর রহমান বলেন, এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এসআরবি-৫-এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক জানান, এ ধরনের গ্রেনেড তারা এর আগে দেখেননি। তবে সম্প্রতি কক্সবাজারেও একই ধরনের গ্রেনেড পাওয়া গেছে। প্রতিবেশী একটি দেশে ব্যবহৃত গ্রেনেডের সঙ্গে উদ্ধার হওয়া গ্রেনেডের বেশ মিল রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনাই তাদের লক্ষ্য।

বহাল তবিয়তে চক্রের মূল হোতারা 

অস্ত্র উদ্ধারের সংখ্যা বাড়লেও চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন অভিযানে অস্ত্র বহনকারীদের আটক করা গেলেও সরবরাহকারী, অর্থের জোগানদাতা এবং গন্তব্যে অস্ত্র গ্রহণকারীদের পরিচয় অনেক ক্ষেত্রেই অজানা থাকছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, বাঘা, চারঘাট ও গোদাগাড়ীর মতো সীমান্তঘেঁষা এলাকায় অস্ত্রের চালান প্রবেশের ঝুঁকি বেশি। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দেশের অন্য জেলায় অস্ত্র পাঠানোর প্রবণতাও উদ্বেগজনক। পদ্মার চর ও নির্জন এলাকাগুলোকে অস্ত্র সাময়িকভাবে লুকিয়ে রাখার স্থান হিসেবে ব্যবহারের আশঙ্কা রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এনএন

  বিষয়:   পদ্মার চর  অবৈধ অস্ত্র  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: