পাহাড়-সমতলে অস্ত্রের ঝনঝনানি, আতঙ্কে ফটিকছড়িবাসী

এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)

সারাদেশ

পাহাড় ও সমতলের বিস্তীর্ণ জনপদ চট্টগ্রামের ফটিকছড়ি। একসময় শান্তিপ্রিয় মানুষের জনপদ হিসেবে পরিচিত এই উপজেলায় এখন যেন আতঙ্কের ছায়া। একের

2026-11-28T23:39:21+00:00
2026-11-28T23:40:01+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাহাড়-সমতলে অস্ত্রের ঝনঝনানি, আতঙ্কে ফটিকছড়িবাসী
এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ১১:৪০ পিএম
হ্যান্ডমাইকে হুঁশিয়ারি দিচ্ছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ। ছবি : সংগৃহীত
হ্যান্ডমাইকে হুঁশিয়ারি দিচ্ছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ। ছবি : সংগৃহীত
পাহাড় ও সমতলের বিস্তীর্ণ জনপদ চট্টগ্রামের ফটিকছড়ি। একসময় শান্তিপ্রিয় মানুষের জনপদ হিসেবে পরিচিত এই উপজেলায় এখন যেন আতঙ্কের ছায়া। একের পর এক গুলিবর্ষণ, হামলা, সংঘর্ষ, অস্ত্র উদ্ধার ও রাজনৈতিক উত্তেজনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। সন্ধ্যা নামলেই অনেকের মনে ভর করছে অজানা ভয়। বাজারে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা কিংবা স্বাভাবিক চলাফেরাতেও তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা। স্থানীয়দের প্রশ্ন, কারা এসব সহিংসতার নেপথ্যে? কোথা থেকে আসছে অবৈধ আগ্নেয়াস্ত্র? রাজনৈতিক বিরোধের আড়ালে কি সক্রিয় রয়েছে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র?

গত সোমবার উপজেলার সুয়াবিলের চুরখারহাটে গুলিবর্ষণের ঘটনায় ছয়জন আহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে কথিত সন্ত্রাসী রায়হানের নাম। তাকে শনাক্ত ও গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর সেখানে গিয়ে হ্যান্ডমাইকে হুঁশিয়ারি দেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ। তিনি বলেন, রায়হানকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন আহত ব্যক্তিদের চিকিৎসায় সহায়তার কথা জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দেয় রায়হান। এরপর বুধবার পুলিশ কর্মকর্তার সঙ্গে তার প্রায় ১০ মিনিটের মুঠোফোন কথোপকথন নিয়েও দেশজুড়ে আলোচনা তৈরি হয়। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও কীভাবে একজন অভিযুক্ত অপরাধী প্রকাশ্যে এমন তৎপরতা চালাচ্ছে?

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বলেন, রায়হান বারবার আত্মগোপনে থেকে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছেন। তাকে গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। গ্রেফতার করা সম্ভব হলে অপরাধের নেপথ্যের মদদদাতা ও সংশ্লিষ্ট নানা তথ্য পাওয়া যেতে পারে। 

সহিংসতার সূত্রপাত গত ২০ নভেম্বর নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে। জুমার নামাজের সময় নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল বের হয়। পরদিন এর প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কিপাইতনগরে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। ভাঙচুরের পাশাপাশি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে পাল্টাপাল্টি হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। এর রেশ কাটতে না কাটতেই ২২ নভেম্বর সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে নিজের আসবাবপত্রের দোকানে বসে থাকা ব্যবসায়ী আবছার চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরপর এসব ঘটনায় পুলিশ ২৩ নভেম্বর ৬৪ জনের নাম উল্লেখ করে নাশকতার মামলা করে। পরদিন নানুপুরে বিএনপির মিছিলে হামলার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে আরও একটি মামলা হয়। এতে অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে গত ২৬ নভেম্বর ভোরে ভুজপুর থানার সুয়াবিল এলাকায় অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে জেলা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয় ছয়জনকে। অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার ও উৎস নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সব মিলিয়ে ফটিকছড়ির মানুষের প্রত্যাশা, রাজনৈতিক বিরোধ কিংবা অপরাধী চক্রের প্রভাব— কোনোটিই যেন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। অস্ত্রের উৎস শনাক্ত, অপরাধীদের গ্রেফতার এবং সহিংসতার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

সময়ের আলো/প্রিন্ট/এনএন
  বিষয়:   পাহাড়-সমতল  অস্ত্র  আতঙ্ক  ফটিকছড়িবাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: