গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপির ঐক্যের ডাক : নাহিদ ইসলাম

রাজশাহী ব্যুরো

সারাদেশ

আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন

2026-11-29T19:31:50+00:00
2026-11-29T19:34:06+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপির ঐক্যের ডাক : নাহিদ ইসলাম
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৭:৩৪ পিএম
রাজশাহী মহানগরীতে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম। ছবি : সময়ের আলো
রাজশাহী মহানগরীতে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম। ছবি : সময়ের আলো
আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েই দলটি এখন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বড় মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে যোগ দেন।

সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির ভূমিকার সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য নষ্ট করেছে। এর ফলে দলটির ওপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করার সুযোগ পাবে না। দেশের মাটি থেকে দলটির রাজনীতি চিরতরে নির্মূল ও নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।

গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর নতুন কোনো চুক্তি হবে কি না, তা এখনো অনিশ্চিত। তার অভিযোগ, ভারত এ অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রে দেশের পতিত আওয়ামী লীগ শক্তিও সহযোগিতা করছে। তাই এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীর ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চাইনিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এসব গণমাধ্যমকে চিহ্নিত করে তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সারজিস আলম আরও বলেন, স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি পরিচয়ে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর সদস্য সচিব আতিকুর রহমান। সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী প্রমুখ।

সময়ের আলো/এনএন
  বিষয়:   গোপন সমঝোতা  বিএনপির ঐক্যের ডাক  নাহিদ ইসলাম  এনসিপি  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: