
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো এক বছরে দেশে এইচআইভি বা এইডস সংক্রমণ ২২ শতাংশ বেড়েছে। আক্রান্তদের বড় অংশ কর্মক্ষম বয়সের মানুষ। তবে দেশে এইচআইভি সংক্রমণ সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এখনও কম। কিন্তু সংক্রমণের সংখ্যা বাড়ছে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে। ২০২৬ সালে শনাক্ত ২ হাজার ৩০৫ জনের ৫০ শতাংশ পুরুষ সমকামী (এমএসএম), ১০ শতাংশ পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ), ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর। এ ছাড়া ৫ শতাংশ রোহিঙ্গা, ১১ শতাংশ প্রবাসফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ সাধারণ জনগোষ্ঠী। নতুন শনাক্ত রোগীদের ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের মানুষ।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, নতুন আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে, ২৪ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। আক্রান্তদের একটি বড় অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টিকে উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। বৈবাহিক অবস্থার হিসাবে আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিবাহবিচ্ছিন্ন বা একা বসবাসকারী।
আগামীকাল ১ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ব এইডস দিবস পালিত হবে। এ বছরের প্রতিপাদ্য ‘সেবা বাড়াই, এইডস কমাই’। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি র্যালি অনুষ্ঠিত হবে। একই মিলনায়তনের অডিটরিয়ামে সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ছয় বছরে নতুন সংক্রমণ প্রায় তিনগুণ : বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার ০.০১ শতাংশের নিচে রয়েছে। তবে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি। কিছু ক্ষেত্রে সংক্রমণের প্রবণতা বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশে নতুন এইচআইভি শনাক্ত হয়েছিল ৬৫৮ জন। ২০২১ সালে এ সংখ্যা বেড়ে ৭২৯, ২০২২ সালে ৯৪৭, ২০২৩ সালে ১ হাজার ২৭৬ এবং ২০২৪ সালে ১ হাজার ৪৩৮ হয়। ২০২৫ সালে নতুন সংক্রমণ শনাক্ত হয় ১ হাজার ৮৯১ জনের।
২০২৬ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৫। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে শনাক্ত নতুন সংক্রমণের সংখ্যা প্রায় সাড়ে তিনগুণ হয়েছে। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে। ২০২০ সালে এইডসে মারা গিয়েছিলেন ১৪১ জন। ২০২১ সালে ২০৫, ২০২২ সালে ২৩২, ২০২৩ সালে ২৬৬, ২০২৪ সালে ১৯৫ এবং ২০২৫ সালে ২১৯ জনের মৃত্যু হয়। চলতি বছর মৃত্যুর সংখ্যা ২৮৫।
শনাক্তদের অর্ধেকের বেশি এমএসএম : জনগোষ্ঠীভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ৫০ শতাংশ পুরুষ সমকামী (এমএসএম), ১০ শতাংশ পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ), ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠী। এ ছাড়া ৫ শতাংশ রোহিঙ্গা, ১১ শতাংশ প্রবাসফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ সাধারণ জনগোষ্ঠীর।
আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫-৪৯ বছর : বয়স বিশ্লেষণে দেখা গেছে, নতুন আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে, ২৪ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। আক্রান্তদের একটি বড় অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টিকে উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। বৈবাহিক অবস্থার হিসাবে আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিবাহবিচ্ছিন্ন বা একা বসবাসকারী।
শনাক্তের বাইরে প্রায় ৩ হাজার মানুষ : দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তির মধ্যে ১৬ হাজার ৬১৮ জন শনাক্ত হয়েছেন। ফলে এখনও প্রায় ৩ হাজার ২০০ জন শনাক্তের বাইরে রয়েছেন। এই মানুষগুলো নিজেদের সংক্রমণের বিষয়ে জানেন কি না, কিংবা তারা চিকিৎসার আওতায় রয়েছেন কি না, তা নিশ্চিত নয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্ত হওয়ার পরপরই চিকিৎসা শুরু করেছেন। তবে শনাক্তের বাইরে থাকা ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা এখনও বড় চ্যালেঞ্জ।
২৬ লাখের বেশি পরীক্ষা : ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩টি এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এ পরীক্ষায় নতুন করে ২ হাজার ৩০৫ জন সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
৪২ জেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কর্মসূচি : দেশের ৪২টি জেলায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি ও যৌনবাহিত রোগ প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থা ও গ্লোবাল ফান্ডের সহায়তায় এসব কর্মসূচি চলছে। এ কর্মসূচির আওতায় রয়েছে শিরায় মাদক গ্রহণকারী, নারী ও পুরুষ যৌনকর্মী, পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ এবং হিজড়া জনগোষ্ঠী।
২৩টি সরকারি হাসপাতালে পরীক্ষা : সরকারি অর্থায়নে বর্তমানে ২০টি জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে। এ ছাড়া ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এবং আটটি এনজিও পরিচালিত পিয়ার ড্রপ-ইন সেন্টারে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম রয়েছে। চতুর্থ অপারেশনাল প্ল্যান শেষ হওয়ার পর পরীক্ষাসেবা কিছুটা স্থবির হয়ে পড়লেও সরকারি হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের মাধ্যমে পরীক্ষাসেবা চালু রাখা হয়েছে।
বিনামূল্যে ওষুধ পাচ্ছেন ১০ হাজারের বেশি রোগী : এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সরকার বিনামূল্যে অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ সরবরাহ করছে। বর্তমানে প্রায় ১০ হাজার ১১৪ জন রোগী এ ওষুধ পাচ্ছেন। ২০১৭ সাল থেকে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবার ব্যয় সরকার বহন করছে।
কারাগারেও পরীক্ষা ও চিকিৎসা : দেশের ১১টি জেলার ১২টি কারাগারে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চলছে। এইচআইভি প্রতিরোধে মানবাধিকার বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনায় কারাগার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রোহিঙ্গাদের মধ্যে পরীক্ষাসেবা : কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা চালু রয়েছে। ৩৪টি নিবন্ধিত ক্যাম্পে উন্নয়ন সহযোগী ও এনজিও পরিচালিত হাসপাতালের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০২৬ সালে এইচআইভি আক্রান্ত ২৮৫ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছর ছিল ২৫৪ জন। তবে নতুন শনাক্ত রোগীদের চিকিৎসার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। চলতি বছর শনাক্তদের ৮৭ দশমিক ৮ শতাংশকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার আওতায় আনা হয়েছে।