নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার

জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে পরিবারের

2026-11-29T21:33:10+00:00
2026-11-29T21:33:10+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
সমাজকল্যাণমন্ত্রী
নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম 
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে পরিবারের নারীদের প্রধান করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ, সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি সবজি বাগান ও উদ্যোক্তা হওয়ার কাজে ব্যবহার করতে পারবেন। 

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে কেয়ারের জ্যেষ্ঠ কৌশলগত উপদেষ্টা ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপস্থিত ছিলেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগমও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কেয়ার ইকোনমি, নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন, নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, সুবিধাবঞ্চিত মা ও শিশুর পুষ্টি এবং প্রারম্ভিক বিকাশ নিয়ে আলোচনা হয়। 

এর পাশাপাশি প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুরক্ষা, নতুন প্রকল্পে সহযোগিতা এবং প্রতিবন্ধী ও অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসনের বিষয়েও আলোচনা করেন তারা।

মন্ত্রী বলেন, সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ও শিশুকে অন্তর্ভুক্ত করেছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন আরও জোরদার করতে পরিবারের নারী সদস্যদের প্রধান করে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নারীরা পরিবারের আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হতে পারবেন। 


তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায় সরকার। সেখানে প্রতিটি মানুষ সমান গুরুত্ব পাবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে।

বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা তৈরি হচ্ছে।

সাক্ষাতে মন্ত্রী কেয়ারকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠনসহ বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।  

এ সময় আর্ল আর মিলার ও রাম দাস বাংলাদেশে তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং কেয়ারের চলমান বিভিন্ন কর্মসূচির সামাজিক প্রভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও অঙ্গীকারের প্রশংসা করেন তারা।

সময়ের আলো/ইউএমএইচ 


  বিষয়:   সমাজকল্যাণমন্ত্রী  জাহিদ হোসেন  নারী  ফ্যামিলি কার্ড 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: