
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনের এই মতবিনিময়ে রোববার প্রথম দিনে অংশ নিয়েছেন ২৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় ইউপি নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব ঠেকাতে নির্বাচন কমিশনকে কঠোর এবং নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।
এ সময়ে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাত করা হবে না। গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে। গতকাল রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব দাবি তোলা হলে ইসির পক্ষ থেকে এসব আশ্বাস দেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণফোরামের প্রতিনিধিরা অংশ নেন।
জামানত কমানো ও কালো টাকা বন্ধের দাবি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। বেসরকারি প্রভাবমুক্ত না হলে নির্বাচন সুষ্ঠু করা কঠিন। বর্তমান পরিস্থিতিতে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এমনটা বলা যায় না।
তিনি বলেন, ইউপি নির্বাচনে জামানতের টাকা কমানো প্রয়োজন। কালো টাকার মালিকরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আর্থিক সংকটের কারণে অনেক ভালো মানুষ নির্বাচনে অংশ নিতে পারেন না। এখন মেম্বার প্রার্থীরাও ৪০ থেকে ৫০ লাখ টাকা এবং চেয়ারম্যান প্রার্থীরা এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত ব্যয় করেন বলে শোনা যায়। নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। ভোটের আগে ভোটারদের কাছে টাকা পৌঁছানো ঠেকাতে হবে। কমিশন দল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
জেপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার সুযোগ দিতে হবে। প্রচার কার্যক্রমকে কেন্দ্র করে অনেক সময় সহিংসতা ঘটে। এসব ঘটনার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।
গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ শিকদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত ও নিরপেক্ষ করতে হবে। দরিদ্র মানুষও যাতে নির্বাচিত হওয়ার সুযোগ পান, সেই পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনকালীন প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকে। তাই প্রশাসনকে দল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুর রহমান মৃধা বলেন, নির্বাচনকালীন কমিশনের দায়িত্ব অনেক বেশি। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে। গুজব ও এআইয়ের অপব্যবহার ঠেকাতে মনিটরিং সেল গঠন, ভোটকেন্দ্র থেকে দ্রুত ফল প্রকাশ এবং নিরপেক্ষ নির্বাচনি কর্মকর্তা নিয়োগের দাবি জানান তিনি। পাশাপাশি নির্বাচনের আগে পেশাজীবীদের সঙ্গে শান্তিপূর্ণ সংলাপের আয়োজন এবং কালো টাকা ও পেশিশক্তির প্রভাব বন্ধের আহ্বান জানান।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি। এমনকি জামানত এক হাজার টাকা হলেও তেমন কোনো ক্ষতি হতো না। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি বলেন, শুধু বিএ বা এমএ পাস করলেই প্রকৃত জ্ঞান ও নৈতিকতা অর্জিত হয় না। গ্রামের স্বল্পশিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষের মধ্যেও অনেক সময় তথাকথিত শিক্ষিত ব্যক্তিদের চেয়ে বেশি জ্ঞান, নীতি, আদর্শ ও মানবিক গুণাবলি থাকতে পারে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন।
জামানত বাড়ানোর ব্যাখ্যা : রাজনৈতিক দলগুলোর জামানত কমানোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, জামানতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে আসেনি। কমিশন নিজেই যুক্তি ও উদ্দেশ্য বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, আগে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে কমপক্ষে ৫০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন হতো। এর উদ্দেশ্য ছিল প্রার্থীর সংখ্যা সীমিত রাখা। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর ব্যয়সীমা ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবতার সঙ্গে অনেক সময় এসব ব্যয়ের হিসাবের মিল থাকে না। সে বিবেচনায় চেয়ারম্যান পদে জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য পদে ৫ হাজার টাকা করা হয়েছে। উপযুক্ত ও নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত ব্যক্তিরাই যাতে প্রার্থী হন, সে লক্ষ্যেই জামানতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
আচরণবিধি ভাঙলে ছাড় নয় : নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধে সহযোগীরাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কোনো প্রার্থী সমর্থকদের নিয়ে নির্বাচনি সুবিধা নিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন বিলম্ব না করে ব্যবস্থা নেবে। প্রার্থী যত বড় নেতা বা জনপ্রিয়ই হোন, এ ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হবে না।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, তাদের বক্তব্যের গুরুত্ব অনেক বেশি। কারণ অনুসারীরা তাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে নেতারা যদি ঘোষণা দেন যে, সহিংস নির্বাচনের পথে আর হাঁটবেন না এবং ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, তা হলে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে হবে ভোটের মাধ্যমে। অন্য কোনো বিকল্প থাকবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
অভিযোগ নিষ্পত্তিতে সীমাবদ্ধতা : সংলাপের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় বিভিন্ন ধরনের অভিযোগ আসে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত ও নির্বাচনি অনুসন্ধান কমিটি রয়েছে। অনেকে অভিযোগ পাওয়ার পরই কমিশনের ব্যবস্থা নেওয়া বা শাস্তি দেওয়ার নির্দেশনা প্রত্যাশা করেন। তবে এ ক্ষেত্রে কমিশনের কিছু সীমাবদ্ধতা রয়েছে।
তিনি বলেন, নির্বাচনি অনুসন্ধান কমিটি বিচার বিভাগের অধীন। একজন বিচারককে কমিশন বলতে পারে না যে, কাউকে পাঁচ বা ১০ বছরের সাজা দিতে হবে, জামিন দেওয়া যাবে না কিংবা নির্দিষ্ট কোনো ব্যবস্থা নিতে হবে। তারা বিচার বিভাগের অংশ, নির্বাহী বিভাগের নয়। ফলে তাদের বিচারিক কার্যক্রমে কমিশনের সরাসরি নির্দেশনা দেওয়ার সুযোগ নেই।
জরিমানার পরিমাণ কম হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দিষ্ট আইনি ক্ষমতা রয়েছে। ইচ্ছা করলেই তাদের দিয়ে ৫০ হাজার বা ১ লাখ টাকা জরিমানা করানো সম্ভব নয়। তাদের জরিমানা করার ক্ষমতা প্রচলিত অন্যান্য আইন দ্বারা নির্ধারিত। তাই সংশ্লিষ্ট আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিধান তৈরি করতে হয়।
রাজনৈতিক দলগুলোর মতামতকে মূল্যবান উল্লেখ করে সিইসি বলেন, সংলাপে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে। ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে কমিশন আশা করে। প্রয়োজন হলে তাদের আবারও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ : বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হয়নি।
৩০ নভেম্বর খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সূচি রয়েছে। প্রথম দিনের সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ থাকলেও শেষ দিন ১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের নেতৃত্বে সংলাপে অংশ নেবে দলটি।
আগামীকাল ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই দিন জামায়াতে ইসলামীরও অংশ নেওয়ার কথা রয়েছে।
পাঁচ ধাপে ইউপি নির্বাচনের ভোট ইসির ঘোষণা অনুযায়ী— প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।