
আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। লাখ লাখ হাজির কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে এটি একটি। মহান আল্লাহর আদেশ পালন ও তার সান্নিধ্য লাভ করতে মুসলমানরা আজ (৯ জিলহজ) সমবেত হয়েছেন আরাফাতের ময়দানে। সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মানুষ এবার হজব্রত পালন করতে এসেছেন।
হাজিদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে জাবালে রহমতসহ পুরো আরাফাতের সীমানা। মুসলিম উম্মাহর বিশাল জনসমুদ্রের মহাসম্মিলনে এবারের হজের খুতবা দিবেন শায়খ মুহাম্মদ বিন হাসান আলে আশ-শায়খ।
মিনায় অবস্থান নেয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে শুরু হয়েছে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা। শুক্রবার সারাদিন ও রাত তারা মিনায় কাটান ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে। আল্লাহর নৈকট্য লাভের আশায় মশগুল ছিলেন জিকির ও তালবিয়াতে।
নামাজ আদায় করেন জামাতের সঙ্গে। সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিয়ে আত্মশুদ্ধি, মাগফিরাত ও রহমত চাইতে আসা এই মুসলমানরা আজ জড়ো হবেন আরাফাতের ময়দানে, যাকে হজের মূল অনুষ্ঠান বলা হয়।
দুনিয়া ও আখিরাতের কল্যাণ, রহমত প্রাপ্তি ও নিজেদের গোনাহ মাফের জন্য আল্লাহর দরবারে অশ্রুসিক্ত চোখে ফরিয়াদ জানাবে ধর্মপ্রাণ মুসলমান।