ইউরোপে বাড়ছে পোশাক রফতানি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে বিশ্ব জুড়ে চলছে অস্থিরতা, অন্যদিকে ক্রেতা প্রতিষ্ঠানগুলো রফতানি আদেশ দিচ্ছে কমিয়ে। এ সঙ্কটকালের মধ্যেও ইউরোপের বাজারে

2022-10-17T03:52:12+00:00
2022-10-17T04:19:48+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
অর্থনীতি
ইউরোপে বাড়ছে পোশাক রফতানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৩:৫২ এএম  আপডেট: ১৭.১০.২০২২ ৪:১৯ এএম
একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে বিশ্ব জুড়ে চলছে অস্থিরতা, অন্যদিকে ক্রেতা প্রতিষ্ঠানগুলো রফতানি আদেশ দিচ্ছে কমিয়ে। এ সঙ্কটকালের মধ্যেও ইউরোপের বাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানিতে বেশ ভালো প্রবৃদ্ধি হয়েছে। যদিও মার্কিন বাজারের চেয়ে ইউরোপে প্রবৃদ্ধি কম হয়েছে, তবুও সঙ্কটের সময় রফতানিতে ইতিবাচক ধারা থাকায় খুশি পোশাক শিল্পের উদ্যোক্তারা। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, জুলাই-সেপ্টেম্বর ২০২২-২০২৩ অর্থবছরের মধ্যে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রফতানি ৪.৯৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নে বৃহত্তম রফতানি বাজার জার্মানিতে পোশাক রফতানি উল্লিখিত সময়ে মাত্র ১ দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার। স্পেন এবং ফ্রান্সে রফতানি যথাক্রমে ২১ দশমিক ৩৫ শতাংশ এবং ৩৬ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ইইউর অন্যতম সম্ভাবনাময় বাজার পোল্যান্ডে রফতানি জুলাই-সেপ্টেম্বর ২০২১-২০২২-এর তুলনায় ২৪ দশমিক ৪৯ শতাংশ হ্রাস পেয়েছে।

আমেরিকাতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধির পেয়ে ২.০১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা প্রবৃদ্ধি হ্রাসের একটি স্পষ্ট লক্ষণ। একই সময়ে, যুক্তরাজ্য এবং কানাডায় রফতানি যথাক্রমে ১৫ দশমিক ১১ শতাংশ এবং ১৭ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধির সঙ্গে ১.১৯  বিলিয়ন মার্কিন ডলার এবং ৩৩৪.৬৫ মিলিয়নে মার্কিন ডলার পৌঁছেছে। ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে, অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ২৫ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৭৬ বিলিয়ন মার্কিন ডলার  হয়েছে, যা আগের বছরের একই সময়ের মধ্যে ১.৪৩ বিলিয়ন মার্কিন ডলার ছিল। অপ্রচলিত বাজারের মধ্যে, জাপানে রফতানি ১৬ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৩২০.৪০ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে ভারতে পোশাক রফতানিও উল্লেখযোগ্যভাবে ৬৬ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ ৩০৬.৩৯ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, উল্লিখিত সময়ের মধ্যে চীন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ায় রফতানি কমেছে যথাক্রমে ৩ দশমিক ৬৯ শতাংশ,শূন্য দশমিক ১৩ শতাংশ, ৮ দশমিক ৭১ শতাংশ এবং ৪৭ দশমিক ৩০ শতাংশ। প্রাপ্ত তথ্য থেকে এটা স্পষ্ট যে, বিশ^ব্যাপী অর্থনৈতিক অস্থিরতা এবং খুচরা বাজারে প্রভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ প্রধান বাজারগুলোতে প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে।

ইউরোপের বাজারে এখনও পোশাক রফতানিতে ভালো প্রবৃদ্ধি থাকলেও আগামী মাস থেকে রফতানি প্রবৃদ্ধি আরও কমে আসবে বলে মনে করছেন বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। সময়ের আলোকে তিনি বলেন, ‘বৈশ্বিক সঙ্কটের কারণে এমনিতেই পোশাকের নতুন রফতানি আদেশ কম আসছে। এতে যতটা না সমস্যা হচ্ছে তার চেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে-দেশে গ্যাস ও বিদ্যুতের ভয়াবহ সঙ্কট। দিনের অধিকাংশ সময়ই কারখানায় চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না। এ কারণে সময়মতো পোশাক উৎপাদন করা যাচ্ছে না এবং রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।’ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল এ বিষয়ে সময়ের আলোকে বলেন, বিশ^ব্যাপী অর্থনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি বাড়ার কারণে খুচরা বাজারে প্রভাব পড়ছে। প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট বলা যায়, পরবর্তী মাসগুলোতে যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ প্রধান বাজারগুলোতে রফতানি কমবে।

এদিকে করোনার প্রভাব থেকে ঘুরে দাঁড়ানোর ১৩ মাস পর গত সেপ্টেম্বর বিশ^বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে ভাটা পড়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে দেশের পণ্য বিশ^বাজারে রফতানির বিপরীতে আয় হয়েছে ৩৯০ কোটি ডলার। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বরে রফতানি আয় হয়েছিল ৪১৬ কোটি ৫৪ লাখ ৫ ডলার। সেই হিসাবে আগের বছরের চেয়ে আয় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।

ইপিবির সেক্টরওয়াইজ ডাটা পর্যালোচনায় দেখা গেছে, সেপ্টেম্বর মাসে ৩১৬ কোটি ১৬ লাখ ৭ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ৩৪১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ডলার আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে। ওভেন ও নিটওয়্যার উভয় ধরনের পোশাক রফতানিই কমেছে। খাত-সংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, সেপ্টেম্বর থেকে যে প্রবৃদ্ধিতে মন্দা হবে, সে বিষয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিজিএমইএ। সেপ্টেম্বরের রফতানি পরিসংখ্যানে আশঙ্কা স্পষ্টতই প্রতিফলিত হয়েছে। ২০২১ সালের জুলাই মাসে পোশাক রফতানি থেকে আয় হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ২ হাজার ডলার, যা ২০২০ সালের জুলাই মাসের চেয়ে ১১ দশমিক ২ শতাংশ কম। সে হিসাবে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১৩ মাস পর রফতানি আয় কমল।




  বিষয়:   পোশাক রফতানি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: