সামাজিক ভাতার ১ হাজার ৫০০ কোটি টাকা খাচ্ছে সচ্ছলরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমানে সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে এমন অনেক মানুষ সুবিধা পাচ্ছে যাদের সুবিধা পাওয়ার কথা না। যার ফলে প্রকৃতই যাদের সুবিধা

2023-05-01T03:06:34+00:00
2023-05-01T03:06:34+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
সামাজিক ভাতার ১ হাজার ৫০০ কোটি টাকা খাচ্ছে সচ্ছলরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ৩:০৬ এএম 
বর্তমানে সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে এমন অনেক মানুষ সুবিধা পাচ্ছে যাদের সুবিধা পাওয়ার কথা না। যার ফলে প্রকৃতই যাদের সুবিধা পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে। এভাবে শুধু বিধবা ও বয়স্ক ভাতা খাতে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। অপচয় রোধ করা গেলে আরও ২৫ লাখ লোককে ভাতা দেওয়া সম্ভব হবে। এ ছাড়া প্রতিটি কার্ড পেতে হলে ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের গড়ে ২ হাজার ৬৫৩ টাকা ঘুষ দিতে হয় বলে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণায় উঠে এসেছে।

রোববার রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত এক সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে এ সংক্রান্ত গবেষণাপত্র উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষণা সহযোগী এএসএম শামীম আলম শিবলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে উপযুক্ত বয়স্ক ও বিধবারা নির্দিষ্ট হারে ভাতা পান। তবে এ জন্য তাদের কার্ড করতে হয়। এটা করতে গিয়ে তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয়। গবেষণায় বলা হয়, স্থানীয় পর্যায়ে বয়স্ক ও বিধবা ভাতা কার্ড করতে গিয়ে একজন উপকারভোগী সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিয়েছেন। গড়ে ঘুষ দিতে হয় ২ হাজার ৬৫৩ টাকা। আর এসব ঘুষ নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও সরকারের কর্মকর্তারা।

সিপিডি বলছে, বর্তমানে বয়স্ক ও বিধবা ভাতার ক্ষেত্রে মাসে ৫০০ টাকা ও শিক্ষা উপবৃত্তির জন্য মাসে ১৫০ টাকা বরাদ্দ রয়েছে। সামাজিক ভাতাপ্রাপ্তদের মধ্যে প্রায় ৩০ শতাংশ বয়স্ক ও ৩৩ শতাংশ বিধবা অযোগ্য সুবিধাভোগী রয়েছে। এদের মধ্যে আবার প্রায় ১২ শতাংশ পেনশন, ভিজিডি বা অন্যান্য ভাতা নিচ্ছে। এর মাধ্যমে প্রায় দেড় হাজার কোটি টাকা অযোগ্য সুবিধাভোগীদের জন্য ব্যয় করা হচ্ছে। যা প্রতিরোধ করা প্রয়োজন। তাই প্রকৃত দুস্থ ও আর্থিক দিক দিয়ে দুর্বলদের চিহ্নিত করতে দারিদ্র্য প্রবণ এলাকায় একটি কার্যকরী পারিবারিক জরিপ করা উচিত। অন্যদিকে পরীক্ষায় অংশগ্রহণ না করা ও যথাযথ কাগজপত্রের অভাবে ৫ থেকে ৩০ শতাংশ ছাত্রছাত্রী উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরও ওই সুবিধার আওতায় আনা প্রয়োজন।

সিপিডির তথ্যানুযায়ী, যোগ্য অ-সুবিধাভোগীদের ভাতার আওতায় আনতে অতিরিক্ত ৪ হাজার ৩০২ কোটি টাকা প্রয়োজন। অযোগ্যদের পেছনে যে দেড় হাজার কোটি টাকা অপব্যবহার হচ্ছে তা রোধ করে যোগ্যদের পেছনে ব্যয় করা যেতে পারে। আর এই টাকা দিয়ে প্রকৃত যোগ্য এমন ৪৫ শতাংশ ব্যক্তিকে ভাতার আওতায় আনা সম্ভব।

বর্তমান দ্রব্যমূল্য এবং উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় বয়স্ক ভাতার পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, বর্তমান সুবিধাভোগীর প্রয়োজন বিবেচনায় টাকার পরিমাণ যদি বাড়ানো যায় অর্থাৎ ২০০০-২৫০০ টাকা করা হয় তা হলে অতিরিক্ত ৩ হাজার ৯৮৬ কোটি টাকা প্রয়োজন। কর ফাঁকি ও কর অস্বচ্ছতার মাধ্যমে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সেটা যদি আদায় করা সম্ভব হয় তা হলে সেখান থেকে অর্থ সংগ্রহ করে এ খাতে ব্যয় করা সম্ভব।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, নগরের অভাবগ্রস্তরা কারও নজরে আসে না। হরিজনদের ক্যাম্পে গেলে প্রকৃত চিত্র দেখতে পাবেন। নগরের অভাবগ্রস্তদের আমরা খেয়ালই করি না। ঢাকা শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠ দখল হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের অবস্থা কী? এই জায়গায় গবেষণা প্রয়োজন। ২০১৫ সালে ১৫০ টাকা মাসিক উপবৃত্তি দেওয়া হতো, এখনও তাই দেওয়া হয়। আমলাতন্ত্রে যারা আছেন, তাদের বেতন এ সময় অনেক বেড়েছে। তা হলে উপকারভোগীদের ভাতার ক্ষেত্রে কেন মূল্যস্ফীতির হিসাব বিবেচনা করা হয় না? বিষয়টি কি কারও নজরে আসে না?

তিনি বলেন, সিপিডি দেখিয়েছে কীভাবে টাকাগুলো আসতে পারে। কেন কর ফাঁকি রোধ করা হচ্ছে না? কেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে না? কোভিডের কারণে যারা ঝরে গেল, তাদের কি খাতা থেকে বাদ দিয়ে দিলাম! ৪৭ হাজার ছাত্রছাত্রী যারা শিশুশ্রম ও বাল্যবিয়ের স্বীকার তাদের কেন উপবৃত্তি থেকে বাদ দেওয়া হলো? তাদের কেন ফিরিয়ে আনা গেল না সেটাই বড় প্রশ্ন।

অন্যদিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বাড়াতে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত। তিনি বলেন, এনজিওগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচির চেয়ে ক্ষুদ্রঋণ নিয়ে বেশি আগ্রহী। তারা যে মুনাফা করছে, সেখান থেকে ৫ শতাংশ এই খাতে দিতে পারে।

সিপিডির সংলাপে অংশ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা দারিদ্র্যসীমা কমিয়ে আনতে পারলেও বৈষম্য এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এটা তুলনাহীন জায়গায় চলে গেছে। দুর্ভাগ্যজনকভাবে এই বৈষম্যের ব্যাপারটি রাষ্ট্রকর্তৃক স্বীকৃত নয়। তিনি বলেন, রাষ্ট্র এখন অতিক্ষুদ্র ধনিক গোষ্ঠী, সামরিক-বেসামরিক আমলাদের হাতের মধ্যে বন্দি হয়ে গেছে। এ কারণে বৈষম্য অনেক বেড়েছে। দারিদ্র্য কমেছে বলে আমরা উৎফুল্ল হতে পারি। কিন্তু বর্তমানে বৈষম্য এত বেশি যে সেখানে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। এ জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি আরও বাড়ানোর কথা বলেন তিনি।

Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: