‘কাগজের বউ’ নিয়ে ধোঁয়াশা, ১৭ হলে ‘শেষবাজি’

নিপু বড়ুয়া

বিনোদন

দেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। একই দিনে তিন সিনেমা মুক্তির ঘোষণায় শেষ পর্যন্ত কোন সিনেমা আলোর মুখ

2024-01-18T02:41:39+00:00
2024-01-18T02:41:39+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
বিনোদন
‘কাগজের বউ’ নিয়ে ধোঁয়াশা, ১৭ হলে ‘শেষবাজি’
নিপু বড়ুয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ২:৪১ এএম   (ভিজিট : ৯৩৯)
‘কাগজের বউ’ নিয়ে ধোঁয়াশা, ১৭ হলে ‘শেষবাজি’
দেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। একই দিনে তিন সিনেমা মুক্তির ঘোষণায় শেষ পর্যন্ত কোন সিনেমা আলোর মুখ দেখছে এ নিয়ে চলছে জোর জল্পনা। প্রযোজক সমিতির নিয়ম অনুযায়ী উৎসবের বাইরে এক সপ্তাহে দুটি ছবির বেশি মুক্তি পাবে না। কিন্তু পূর্ব ঘোষিত চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ও মেহেদী হাসানের ‘শেষবাজি’র সঙ্গে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে কলকাতার আমদানিকৃত সিনেমা ‘হুব্বা’। এ নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় পড়েছে দেশের সিনেমা দুটি। তবে ১৭ হলে ‘শেষবাজি’ মুক্তির বিষয়টি পরিচালক নিশ্চিত করলেও ধোঁয়াশায় রয়ে গেছে ‘কাগজের বউ’। গতকাল রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিজের ছবির মুক্তির হল সংখ্যা জানাতে পারেননি চয়নিকা চৌধুরী।

এদিকে গতকাল সারা দিন গুঞ্জনে ছিল ‘কাগজের বউ’ মুক্তি স্থগিতের। এ নিয়ে অনেকটা ক্ষোভের সুরে ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার ছবির মুক্তি স্থগিত করার সাধ্য কারও নেই। আগেও আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানিয়েছি, ফেসবুকে জানিয়ে দিয়েছি ১৯ জানুয়ারি কাগজের বউ প্রেক্ষাগৃহে আসছে। তারপরও কেন বলা হচ্ছে ছবিটি মুক্তি পাবে না? কোন কারণে মুক্তি স্থগিত করব? এটা প্রশ্নই ওঠে না।’ ছবিটির মুক্তির বিষয় নিশ্চিত করলেও হল সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেছেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘আমি আসলে সঠিক সংখ্যাটা জানাতে পারছি না। আমার কাছে কয়েকটি হলের খবর আছে। এর মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের হলও আছে। তবে বৃহস্পতিবার সঠিক সংখ্যাটা জানাতে পারব।’

কথায় কথায় চয়নিকা চৌধুরী আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী দেশের দুই সিনেমা মুক্তি পাবে। সেখানে কোন নিয়মে ‘হুব্বা’ মুক্তি পাবে তা আমার জানা নেই। যেখানে দেশের দুটি সিনেমা মুক্তির দিন-তারিখ চূড়ান্ত হয়ে গেছে সেখানে বিদেশি সিনেমার মুক্তি পিছিয়ে দিলেই পারত।’

‘কাগজের বউ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এই সিনেমায় আরও অভিনয় করছেন ডিএ তায়েব, ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। এদিকে শেষবাজি সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী ছবির পরিচালক মেহেদী হাসান। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাস  নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। আমার সিনেমার গল্প ভালো। দর্শক ছবিটি উপভোগ করবে।’

শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াবেন কি না? জানতে চাইলে পরিচালক মেহেদী হাসান বলেন, ‘আমি ওই ধরনের সিনেমা তৈরি করিনি। যে সরে দাঁড়াতে হবে। ১৭টি হল চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার আরও হল বাড়বে।’

‘শেষবাজি’ সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠুসহ অনেকে। পূর্ব ঘোষিত দুই সিনেমার সঙ্গে হঠাৎ মুক্তির মিছিলে যুক্ত হওয়া কলকাতার ‘হুব্বা’ সিনেমাটি জোরেশোরে প্রচার চালাচ্ছে ছবির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এই সিনেমা মুক্তি পেলে দেশের দুটি সিনেমা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারা বলছেন, দুটি সিনেমা যেহেতু আগে থেকেই মুক্তির শিডিউল নিয়েছে। সেখানে অনিয়ম করে কলকাতার এই ছবিটি মুক্তি পেলে দেশের সিনেমা ক্ষতিগ্রস্ত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে ‘হুব্বা’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। হয়তো আজ ছবিটি সেন্সর সনদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘হুব্বা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সিনেমাটি তৈরি হয়েছে কলকাতার হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে, যিনি হুগলির দাউদ ইব্রাহিম বলে পরিচিত। ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন-ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

সময়ের আলো/আরএস/ 






Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: