এ বছর অর্ধশত সিনেমা মুক্তি পেয়েছে ঢালিউডে। তবে বেশিরভাগ সিনেমা ব্যবসায়িক সফলতা না পেলেও আলোচনায় ছিলেন কয়েকজন নায়িকা।
শবনম বুবলী
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন নায়িকা শবনম বুবলী। ব্যক্তিজীবনে অপু বিশ্বাসের সঙ্গে পাল্টাপাল্টি ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বছরজুড়ে খবরের শিরোনামে ছিলেন তিনি। এ বছর দুই ঈদে শবনম বুবলী অভিনীত মায়া দ্য লাভ, রিভেঞ্জ ও দেয়ালের দেশ মুক্তি পায়। তবে মিশুক মুনিরের ‘দেয়ালের দেশ’ ছবিতে বুবলীর অভিনয় বেশি প্রশংসিত হয়।
জয়া আহসান
বছর শেষে জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথার জমিন’ মুক্তি পেয়েছে। আকরাম খান পরিচালিত এ ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে। জয়া অভিনীত আরেকটি সিনেমা ‘পেয়ারার সুবাস’ বছরের প্রথমভাগে মুক্তি পায়। নূরুল আলম আতিকের সেই ছবিতে জয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়। এ ছাড়া বছরজুড়ে সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ছবি পোস্ট করে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।
পূজা চেরী
এ বছর পূজা চেরীর দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’, অন্যটি সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’। চলচ্চিত্রের পাশাপাশি এ বছর পূজা চেরীর ওয়েব ফিল্মেও কাজ করা হয়েছে। সবমিলিয়ে আলোচনায় রয়েছেন পূজা।
মেহজাবীন চৌধুরী
এ বছরে চলচ্চিত্রে অভিষেক ঘটে মেহজাবীন চৌধুরীর। বছর শেষে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতী’। ছবিটি বিশ্বের কয়েকটি উৎসবে প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘প্রিয় মালতী’ ছবিতে মেহজাবীনের অভিনয়ে দর্শক, অভিনয়শিল্পী ও পরিচালকরাও মুগ্ধ হয়েছেন। এর আগে ‘সাবা’ চলচ্চিত্র নিয়েও মেহজাবীন বুসানসহ বিশ্বের একাধিক নামকরা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। বছরজুড়েই আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।
কুসুম সিকদার
এ বছর নতুন পরিচয়ে দর্শকের সামনে আসেন কুসুম সিকদার। ‘শরতের জবা’ নামের এই চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি। ‘শরতের জবা’ সিনেমার গল্পটি তার লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছবিটি মুক্তি উপলক্ষে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি।
সময়ের আলো/আরএস/