চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়

রফিকুল ইসলাম সবুজ

প্রথম পাতা

করোনার প্রকোপ কিছুটা কমার কারণে পাঁচ বছর পূর্ণ হওয়া বা মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে আগামী বছরের মার্চে নির্বাচনের তোড়জোড় শুরু করেছে

2020-09-13T22:56:00+00:00
2020-09-12T23:48:08+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
প্রথম পাতা
মার্চে চার হাজার ইউপি নির্বাচনের তোড়জোড় স্থানীয় সরকার বিভাগের
চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়
রফিকুল ইসলাম সবুজ
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৬ পিএম  আপডেট: ১২.০৯.২০২০ ১১:৪৮ পিএম  (ভিজিট : ১৪২৪)
করোনার প্রকোপ কিছুটা কমার কারণে পাঁচ বছর পূর্ণ হওয়া বা মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে আগামী বছরের মার্চে নির্বাচনের তোড়জোড় শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নির্বাচনের উপযোগী ইউপির তালিকা চেয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। গত ৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোর নামের তালিকা ১০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে পাঠানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৯(৩) ধারা অনুযায়ী পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের মার্চ থেকে জুন মাসে ছয় ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল জানিয়ে চিঠিতে বলা হয়েছে, সেই অনুযায়ী ২০২১ সালের মার্চ থেকে ইউনিয়ন পরিষদগুলোর পর্যায়ক্রমের মেয়াদপূর্তি হবে। ছক মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নাম, সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ, প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ, নির্বাচনের মেয়াদ  শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিন শুরু হওয়ার তারিখ, নির্বাচনের তারিখ থেকে মেয়াদ শেষের তারিখ (নির্বাচনের তারিখ থেকে ৫ বছর) এবং সীমানা বা মামলা সংক্রান্ত অন্য কোনো জটিলতা রয়েছে কি না তা জানতে চাওয়া হয়েছে। গুরুত্ব বিবেচনায় নিয়ে বিশেষ বাহক মারফত প্রয়োজনীয় তথ্যের হার্ডকপি এবং পেনড্রাইভে সফটকপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত নির্বাচনের মতো আসন্ন ইউপির ভোটও হবে দলীয় প্রতীকে। এবারও চেয়ারম্যান বা মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার খবরটি নিতান্তই একটি গুজব। এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচন করার জন্য সংসদ সদস্যদের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। সেখানে ইউপিতে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা সংবিধানবিরোধীও। তাই সরকার এ ধরনের কোনো পদক্ষেপ নেবে না।
করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা দেশে সব নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় গত ২১ মার্চ। তবে বিশ^ব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দেশে প্রথম ৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত ২১ মার্চ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে দেশে সবধরনের নির্বাচন স্থগিত করা হয়। তবে করোনা পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক হওয়ায় নির্বাচন কমিশন জানিয়েছে, তারা আগামী নভেম্বর থেকে সবধরনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানিয়েছেন, চলতি বছরের নভেম্বর থেকে সব নির্বাচন যথানিয়মে অনুষ্ঠিত হবে। আর অক্টোবর মাস থেকে অনুষ্ঠিত হবে ঝুলে থাকা নির্বাচন। কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের অনুরোধে সারা দেশে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের মার্চ ও এপ্রিলের মধ্যে স্থানীয় স্তরের বৃহৎ পরিসরের এই নির্বাচন করার জন্য কমিশন কাজ শুরু করেছে। নির্বাচন করতে হলে কী ধরনের সুবিধা ও অসুবিধা রয়েছে তা চিহ্নিত করতে বর্তমানে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করছেন ইসির কর্মকর্তারা। নির্বাচনের আগে ৪০-৪৫ দিন হাতে রেখে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।



Loading...
Loading...
প্রথম পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: