এলডিসি থেকে উত্তরণে চ্যালেঞ্জ, উপকমিটির কার্যক্রমের অগ্রগতি কতদূর

শাহনেওয়াজ

অর্থনীতি

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে ইতোমধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি থেকে শুরু করে বাস্তবায়ন ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

2021-09-13T11:37:34+00:00
2021-09-13T11:37:34+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
অর্থনীতি
এলডিসি থেকে উত্তরণে চ্যালেঞ্জ, উপকমিটির কার্যক্রমের অগ্রগতি কতদূর
শাহনেওয়াজ
প্রকাশ: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৭ এএম   (ভিজিট : ৩৪২)
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে ইতোমধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি থেকে শুরু করে বাস্তবায়ন ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুটি সভা করেছে। এই সভায় ৬টি উপকমিটি গঠন করা হয়েছে। এসব উপকমিটির কার্যক্রম অগ্রগতি নিয়ে আজ প্রথম পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপকমিটিগুলো হচ্ছে, বাজার প্রবেশাধিকার ও বাণিজ্য চুক্তি, মেধাস্বত্ব অধিকার, বিশ্ববাণিজ্য সংক্রান্ত ইস্যু, অভ্যন্তরীণ বিনিয়োগ, বাজার উন্নয়ন, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও ট্যারিফ সামঞ্জস্য।

গত ১৩ জুন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় তিনি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকে বাংলাদেশের জন্য অন্যতম গৌরবময় অর্জন হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে উত্তরণে ফলে যে সুযোগ ও সম্ভাবনাগুলো সৃষ্টি হবে সেদিকে বিশেষ নজর দেওয়ার ওপর গুরুত্ব দেন।

জানা গেছে, প্রত্যেক উপকমিটিতে একটি করে মন্ত্রণালয় ও বিভাগকে লিড হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অন্যদের কো-লিড হিসেবে করা হয়েছে। প্রত্যেক কমিটির জন্য সুনির্দিষ্ট কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে। পর্যালোচনা সভায় ইউরোপীয় ইউনিয়ন থেকে বাজার প্রবেশাধিকার সুবিধা নিয়ে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। ট্রানজিশন পিরিয়ড ২০২৯ থেকে আরও বাড়ানোর বিষয়ে নেগোসিয়েশন শেষ করতে বলা হয়েছে। আর জিএসপি সুবিধার আবেদনের প্রক্রিয়া শুরু করার সুপারিশ করা হয়েছে। এই নেগোসিয়েশনে বৈশ্বিক মহামারি কোভিড-১৯, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি বিষয় যুক্তিগ্রাহ্য করে তুলে ধরা হচ্ছে। যেন বিশ্বসভায় বিষয়গুলো গুরুত্ব পায়।

জানা গেছে, আজকের সভায় ইতঃপূর্বে সভার সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হবে। যেখানে বৃহৎ অর্থনীতির দেশগুলোর সঙ্গে এফটিএ করার জন্য কতটুকু অগ্রসর হয়েছে। এর পাশাপাশি উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতির ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সম্ভাব্য প্রভাব চিহ্নিত করতে সমীক্ষার কাজ কতদূর অগ্রসর হয়েছে তা জানতে চাওয়া হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। জানা গেছে, মেধাস্বত্ব প্রপার্টি অধিকার সংক্রান্ত প্যাটেন্ট ও ডিজাইন অ্যাক্টের প্রস্তাবিত খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য আর কত সময় প্রয়োজন হতে পারে তা উপকমিটির কাছে বিস্তারিত জানতে চাওয়া হতে পারে। ফার্মাসিউটিক্যাল খাতে সুবিধা ২০৩৩ সালে শেষ হয়ে গেলে জনস্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত গবেষণা প্রয়োজন বলে মনে করে কমিটি।

এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়ে স্টেকহোল্ডারদের ভূমিকার বিষয়টি আজকের সভায় গুরুত্ব পেতে পারে বলে আভাস পাওয়া গেছে। কবে নাগাদ জাতীয় কর্মশালা আয়োজন করা হবে সে ব্যাপারে আজ দিনক্ষণ নির্ধারণ হতে পারে।

এদিকে, বাজার প্রবেশাধিকার ও বাণিজ্য চুক্তি উপকমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে লিড হিসেবে উল্লেখ করা হয়েছে। কো-লিড হিসেবে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই উপকমিটিতে শিল্প, পররাষ্ট্র, জাতীয় রাজস্ব বোর্ড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিডা, এফবিসিসিআই, বিজেএমইএ ও বিকেএমইএ’র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। মেধাস্বত্ব উপকমিটিতে শিল্প মন্ত্রণালয়ের সচিবকে লিড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কো-লিড হিসেবে থাকবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে কাজ করবেন সংস্কৃতি, পররাষ্ট্র, স্বাস্থ্যসেবা, আইন ও সংসদ, মহাপরিচালক ঔষধ প্রশাসনসহ আরও কয়েকটি সংস্থার প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআইর প্রতিনিধি থাকবেন।

জানা গেছে, অভ্যন্তরীণ রাজস্ব আহরণের উপকমিটির লিড হিসেবে থাকবেন অর্থ বিভাগের সিনিয়র সচিব। কো-লিড হিসেবে থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। সদস্য হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র, অর্থ বিভাগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, পরিসংখ্যান ব্যুরো, বিডা ও সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।

/জেডও/

Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: