আবারও ঢাকাই সিনেমায় গাইলেন কলকাতার সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’ সিনেমায় সোমলতার কণ্ঠে শোনা যাবে ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ কথার গান। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানের রেকর্ডিং শেষ হয়েছে।
জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার এবং সঙ্গীত আয়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।
এর আগেও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ সিনেমার গানের কথাগুলো বেশ শ্রুতিমধুর। বেশ যত্ন নিয়ে জাহেদি ভাই গানটি লিখেছেন। এর আগেও বাংলাদেশের সিনেমায় গান করেছি। আশা করছি, আগামী দিনেও নতুন নতুন গান উপহার দেব।
উল্লেখ্য, ‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলাশেষে’ সহ অনেক সিনেমায় কণ্ঠ দিয়েছেন সোমলতা। বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ ও ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায়ও শোনা গিয়েছিল তার কণ্ঠ। মুক্তি প্রতীক্ষিত সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ সিনেমাতেও গেয়েছেন সোমলতা।