পুরনো গান ভাইরাল

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

অডিও গানের প্রযোজকরা এখন নাটক নির্মাণে বেশি লগ্নি করছেন। এ কারণে মানসম্পন্ন গান তৈরি হচ্ছে না। তবে থেমে নেই জনপ্রিয়

2021-12-30T17:53:58+00:00
2021-12-30T17:53:58+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
পুরনো গান ভাইরাল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৫:৫৩ পিএম 
অডিও গানের প্রযোজকরা এখন নাটক নির্মাণে বেশি লগ্নি করছেন। এ কারণে মানসম্পন্ন গান তৈরি হচ্ছে না। তবে থেমে নেই জনপ্রিয় শিল্পীরা। ব্যক্তি উদ্যোগে নিজের ইউটিউব চ্যানেল থেকে কিছু গান প্রকাশ করেছেন। মৌলিক গানের ভিড়ে কিছু পুরনো গান হয়েছে ভাইরাল। বছরজুড়ে সঙ্গীতাঙ্গনের কয়েকটি আলোচিত ঘটনা নিয়ে আজকের আয়োজন

বছরজুড়ে কিছু মৌলিক গান প্রকাশ হয়েছে। গানগুলো কোটি ভিউ হলেও পুরনো গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। এই তালিকায় সিলেটের আঞ্চলিক গান ‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা’- এ গানটি পুরনো হলেও নতুন সঙ্গীতায়োজনে কণ্ঠ দেন সিলেটের দুই শিল্পী প্রবাসী মুজা ও তসিবা। ছায়াছবি নামে একটি ইউটিউব পেজে খুলনার এক কনের বন্ধু-স্বজন নারীদের এই গানে নাচতে দেখা যায়। পরে ডাক্তারদের নাচের ভিডিও হয় ভাইরাল। ভাইরাল হয়েছে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাস্তব’ সিনেমার গান ‘বুক চিন চিন করছে হায়’। গানের মূল শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। গানটি এ বছর ব্যবহার করা হয় ‘শিল্পী’ নাটকে। এ গানে ঠোঁট মেলান নাটকের জনপ্রিয় মুখ আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। দ্বৈত কণ্ঠে গানটি কাভার করে আলোচনায় আসেন জাহেদ পারভেজ পাবেল। প্রকাশের পরপরই এটি হয়ে যায় ভাইরাল। এ ছাড়া অনিমেষ রায়ের ‘মন ভালা না রে’ গানটিও শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

যে গান কোটি ভিউ ছাড়িয়েছে
গায়ক ও সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়ার সঙ্গীতায়োজনে ‘বেতের আড়া’ গানে কণ্ঠ দেন পলাশ ও অঙ্কন। এই গানের ভিউ প্রায় ২ কোটি। বেলাল খান ও লিজার গাওয়া ‘পাখি’ গানের ভিউ প্রায় ২ কোটি। মুসা কে মাহমুদের কথায় গানটির সুর করেন বেলাল খান নিজেই। এটি বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হওয়া। 

সিএমভি থেকে প্রকাশ হওয়া ইমরান ও পড়শীর গাওয়া ‘এক দেখায়’ গানের ভিউ ১ কোটি ৩২ লাখ ছাড়িয়েছে। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সঙ্গীত করেন ইমরান। 

ফজলুর রহমান বাবু ও মেহের আফরোজ শাওনের গাওয়া ‘চাঁদনী রাইতে নিরজনে’ গানের ভিউ প্রায় ১ কোটি। এর কথা লিখেছেন জহিরুল ইসলাম বাদল, সুর করেন বুলবুল আনাম। 

ওয়েবফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র গান ‘রূপকথার জগতে’র ভিউ প্রায় দেড় কোটি। এটি প্রকাশ হয়েছে চরকি থেকে। অবন্তি সিঁথি ও রেহান রাসুলের কণ্ঠে প্রকাশিত গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর-সঙ্গীত করেন সাজিদ সরকার। এ ছাড়া সুলতান এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত শামস ভাইয়ের কণ্ঠে তোমায় মনে পড়ে না, সিডি চয়েস থেকে প্রকাশিত তানভীর ইভানের ‘অভিমান’ এবং সৈয়দ অমির মন কান্দে গানের ভিউ কোটি ছাড়িয়েছে।

টিএম রেকর্ডস
বছরের শেষদিকে চমক দেখিয়েছে টিএম রেকর্ডস। যাত্রা শুরুর দিনে বড়পর্দায় প্রদর্শিত হয় চারটি গানের আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিও। এরই মধ্যে প্রকাশিত হয়েছে আরফিন রুমী, ফাতেমা-তুজ-জোহরা ও ঐশীর গান। 

জেমস ও মাইলসের মামলা
নগর বাউলের প্রধান ভোকাল ও গিটারিস্ট জেমস এবং মাইলসের প্রধান গায়ক শাফিন আহমেদ ও হামিন আহমেদ কপিরাইট আইনে একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সমন জারি করেন আদালত। নগর বাউল ব্যান্ডের সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমসের ছয়টি ও জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে কপিরাইট আইনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে করা মামলা এ বছর সঙ্গীতের আলোচিত ঘটনার একটি।

নোবেল
গানের চেয়ে ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে বছরজুড়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন সারেগামাপা খ্যাত গায়ক নোবেল। সাংবাদিককে হুমকি, পথচারীকে মোটরসাইকেলে চাপা দেওয়া ও ডিভোর্স নিয়ে সমালোচিত হন তিনি।

ন্যানসির মামলায় আসিফের জামিন
সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির করা মানহানি মামলায় জামিন পেয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই জামিন মঞ্জুর করেন। গত বছরের ১০ জুলাই ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় আসিফের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন ন্যানসি।

আইয়ুব বাচ্চুর পরিবার পেল রয়্যালটি
রেজিস্ট্রেশনকৃত গানের অনলাইন প্লাটফর্ম থেকে মাত্র এক বছরেরও কম সময়ে আইয়ুব বাচ্চুর গান ৪ হাজার ডলার আয় করেছে। আর টেলিফোন কোম্পানির মাধ্যমে আয় করেছে ৫ লাখ টাকা। প্রয়াত এই কণ্ঠশিল্পীর অর্জিত অর্থের রয়্যালটি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারের হাতে তুলে দিয়েছে কপিরাইট অফিস।

‘মাইলস’ ছাড়লেন শাফিন
এর আগে দুবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দলটি থেকে সরে গিয়েছিলেন শাফিন। আবার ফিরেও এসেছেন। ‘মাইলস’ ব্যান্ডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীও করেছেন জাঁকজমকভাবে। গত ২৭ নভেম্বর নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তৃতীয়বার ‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিয়েছেন শাফিন। 

সংগীত ঐক্য
এ বছরের ১০ জুলাই সঙ্গীত সংশ্লিষ্ট তিন সংগঠন মিলে গঠিত হয় সংগীত ঐক্য বাংলাদেশ। গীতিকবি সংঘ, মিউজিক কমপোজার্স সোসাইটি ও কণ্ঠশিল্পী পরিষদের সম্মিলিত প্রচেষ্টা এটি। সংগীত ঐক্য বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, মহাসচিব শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান ও কুমার বিশ্বজিৎ।

/জেডও/

  বিষয়:   ভাইরাল গান  আইলারে নয়া দামান আসমানেরও তেরা  বেতের আড়া  এক দেখায়  চাঁদনী রাইতে নিরজনে  নেটওয়ার্কের বাইরে 


Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: