সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
বিবিধ
শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে রোববার রংপুর ও নীলফামারী এলাকায় সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধপত্র এবং শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১০:৫৩ পিএম
শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে রোববার রংপুর ও নীলফামারী এলাকায় সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধপত্র এবং শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় রোববার ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার ব্যবস্থাপনায় রংপুরের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ১০ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া একই দিন বিকালে নীলফামারীর নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফয়জুর রহমান দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।