জাতীয় প্রেসক্লাবের ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন। তিনি ভোট পেয়েছেন ৫৬৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। টানা দ্বিতীয় বারের মতো সভাপতি হলেন ফরিদা ইয়াসমিন। এর আগেও টানা দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে, ৪৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান ৪৭৪ ভোট পেয়েছেন।
শনিবার দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। ঘোষিত ফল অনুযায়ী, ২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী।
ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ফরিদ হোসেন (৪৯৫ ভোট), কাজী রওনক হোসেন (৪২২ ভোট), শাহনাজ সিদ্দীকি সোমা (৩৯০ ভোট), কল্যাণ সাহা (৩৮২ ভোট), শাহনাজ বেগম পলি (৩৬০ ভোট), সৈয়দ আবদাল আহমদ (৩৪৭ ভোট), জুলহাস আলম (৩৪৫ ভোট), বখতিয়ার রানা (৩৩০ ভোট) মোহাম্মদ মমিন হোসেন (৩৩০) ও সীমান্ত খোকন (২৮৯ ভোট)।
ব্যবস্থাপনা কমিটিতে ২৭টি পদের মধ্যে ফরিদা-শ্যামল পরিষদ সভাপতি সাধারণ সম্পাদকসহ ৯টি এবং সবুজ-ইলিয়াস পরিষদ সিনিয়র সহ-সভাপতিসহ ৭টি পদে নির্বাচিত হয়েছে। এছাড়া একটি সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী জুলহাস আলম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে এবার ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।