বিভিন্ন সংস্থায় এখনও বিধিবহির্ভূত সচিব পদ

রফিকুল ইসলাম সবুজ

জাতীয়

আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সচিব ও যুগ্ম সচিব পদ বিধিবহির্ভূতভাবে ব্যবহার না করতে ২০১৯ সালের ২৩ অক্টোবর পরিপত্র জারি

2023-05-18T10:44:27+00:00
2023-05-18T10:44:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বিভিন্ন সংস্থায় এখনও বিধিবহির্ভূত সচিব পদ
রফিকুল ইসলাম সবুজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১০:৪৪ এএম   (ভিজিট : ২৪০)
আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সচিব ও যুগ্ম সচিব পদ বিধিবহির্ভূতভাবে ব্যবহার না করতে ২০১৯ সালের ২৩ অক্টোবর পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু সেই নির্দেশনা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। জনপ্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বিটিআরসি, শিপিং করপোরেশন, ঢাকা ওয়াসা, খুলনা ও চট্টগ্রাম ওয়াসা, ঢাকার দুই সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশন, দেশের সব ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংস্থায় এখনও সরকারি ‘সচিব’ পদনাম ব্যবহার করা হচ্ছে। তারা ক্যাডার সার্ভিসের কেউ নন, অথচ তাদের পদনাম ব্যবহার নিয়ে ব্রিবত হতে হয় সরকারি কর্মকর্তাদের। আর যারা এসব সংস্থায় ‘সচিব’ পদে সরকারের পক্ষ থেকে নিয়োগ পান তারা যুগ্ম সচিব বা উপসচিব পদের কর্মকর্তা। বিটিআরসিতে যে সচিব আছেন তিনি উপসচিব পদমর্যাদার ক্যাডার সার্ভিসের সরকারি কর্মকর্তা। অপরদিকে ইউজিসিতে যে সচিব তিনি ক্যাডার সার্ভিসের কর্মকর্তা নন। এ ছাড়া সিটি করপোরেশনগুলোতে যারা সচিব পদে নিয়োগ পেয়েছেন তারা যুগ্ম সচিব পদের কর্মকর্তা। আর ইউনিয়ন পরিষদের সচিবরা তৃতীয় শ্রেণির কর্মচারী।

সরকারের একজন সচিব বা অতিরিক্ত সচিব কিংবা যুগ্ম সচিব কোনো অনুষ্ঠানে গেলে এসব সংস্থা বা প্রতিষ্ঠানের সচিবরাও নিজেদের পরিচয় দিলে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। এসব জটিলতার কারণেই সাড়ে ৩ বছর আগে সংস্থাগুলোর সচিব পদনাম সংশোধন বা ব্যবহার না করার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৫৫(৬)-এর আলোকে প্রণীত রুলস অব বিজনেস, ১৯৯৬, সচিবালয় নির্দেশমালা, ২০১৪ এবং অন্যান্য বিধি দ্বারা সরকারের বিভিন্ন পদনাম ও পদবি সংজ্ঞায়িত। সরকারের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পদগুলোতে ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি ‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২’ দ্বারা নিয়ন্ত্রিত। পরিপত্রে আরও বলা হয়, সরকারের পদনামগুলো বিধিবহির্ভূতভাবে বিভিন্ন আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, সংগঠন, অধস্তন অফিস ও সংযুক্ত দফতরগুলো এবং বেসরকারি অফিসগুলোতে ব্যবহার করা হচ্ছে। উল্লিখিত বিধিমালা দ্বারা নিয়োগ বা পদোন্নতিপ্রাপ্ত নন এমন ব্যক্তি সরকারের পদনাগুলো অনুমোদিত ব্যবহারের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।  

বিধিবহির্ভূতভাবে বা আংশিক পরিবর্তন করে উল্লিখিত সরকারি পদনাগুলোর ব্যবহার নৈতিকতা পরিপন্থি এবং ‘দণ্ডবিধি-১৮৬০’ ও ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

পরিপত্রে মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা দেয়, মন্ত্রণালয় বা বিভাগের অধীন অফিসগুলোতে পদনাম ও পদবি সৃজনের ক্ষেত্রে সরকারি পদনাম ও পদবি ‘সহকারী সচিব’, ‘উপসচিব’, ‘যুগ্ম সচিব’, ‘অতিরিক্ত সচিব’, ‘সচিব’, ও ‘সিনিয়র সচিব’ যেন ব্যবহৃত না হয় এবং ইতিপূর্বে অনুমোদিত সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান ত্রুটি, বিভ্রান্তি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সরকারের মন্ত্রণালয় ও বিভাগ, সংযুক্ত দফতর ও অধীন অফিসে কর্মরত কর্মকর্তাদের স্ব স্ব সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদনাম ও পদবি পূর্ণাঙ্গ ও সঠিকভাবে তাদের দাফতরিক সিলমোহর, নেমকার্ড, নেমপ্লেট, নথি এবং ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। এ পরিপত্রের বাস্তবায়ন অগ্রগতি জানতে চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ একাধিকবার চিঠিও দেয়। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাড়ে ৩ বছরেও মন্ত্রিপরিষদের এ নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শুধু নৌপরিবহন মন্ত্রণালয়, এলজিআরডি ও শিক্ষা মন্ত্রণালয় এসব পদনাম সংশোধনের উদ্যোগ নেয়। নৌপরিবহন মন্ত্রণালয় তাদের অধীন সংস্থা বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সচিব পদ পরিবর্তন করে পরিচালক (প্রশাসন) করেছে। তবে শিপিং করপোরেশনে এখনও সচিব পদ রয়ে গেছে। এ ছাড়া এলজিআরডি মন্ত্রণালয় জেলা পরিষদ সচিবের নাম পরিবর্তন করে প্রধান নির্বাহী কর্মকর্তা করলেও তাদের ওয়াসা, সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদে সচিব পদ এখনও রয়েছে। অন্যদিকে বেসরকারি সংস্থা এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ তাদের সচিব পদের নাম পরিবর্তন করেছে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশের পর ইতিমধ্যে কয়েকটি সংস্থা পদনাম সংশোধন করেছে। এ ছাড়া বাকিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়গুলো কাজ করছে।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: