প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে ভৌত অবকাঠামো খাত। এ খাতের বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১০৮ কোটি টাকা। যা মোট বাজেটের ২৯ দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৮৬০ কোটি টাকা।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জিডিপিতে শিল্প খাতের অবদান তুলনামূলকভাবে বাড়ার ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন টেকসই হচ্ছে। এ ইতিবাচক রূপান্তরের পেছনে প্রবৃদ্ধি সহায়ক খাত, বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগসহ অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়নে আমাদের সরকারের পরিকল্পিত সম্পদ সঞ্চালন মুখ্য ভূমিকা পালক করছে। পূর্বের ধারাবাহিকতায় এ সকল খাতে আমরা যৌক্তিকভাবে সম্পদের যোগান অব্যাহত রাখব।
বাজেটে সামাজিক অবকাঠামো খাতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯০৮ কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪২৫ কোটি টাকা। মানবসম্পদ খাতে (শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য) ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৭৪ কোটি টাকা। চলতি অর্থবছরের এ খাতে বরাদ্দ রয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫২৪ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ১৩৪ কোটি টাকা। বর্তমানে এখাতে বরাদ্দ আছে ১৫ হাজার ৯০১ কোটি টাকা। কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৯৩ হাজার ৪১ কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ আছে ৮৬ হাজার ৭৯৮ কোটি টাকা।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। যোগাযোগ অবকাঠামো খাতে ব্যয় ধরা হয়েছে ৮৫ হাজার ১৯১ কোটি টাকা। জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার ২৬৭ কোটি টাকা। এছাড়া অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০৩ কোটি টাকা।