নির্বাচন এলেই বিএনপি-জামায়াত অশুভ খেলায় মেতে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যে কাজ করেছে, সেই বিএনপি-জামায়াত কখনোই শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।
শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে অনুষ্ঠিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত আগুন-সন্ত্রাস করেছে, গাড়িতে আগুন দিয়ে অসংখ্য নারী-পুরুষ ও শিশুকে হত্যা করেছে, পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দিয়েছে, সেকথা আমরা ভুলে যাইনি।
আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে আওয়ামী লীগ প্রস্তুত আছে বলে হুঁশিয়ার করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যাদের পায়ের তলায় মাটি নেই তারাই সকালে-বিকালে বলে ‘ঈদের পরে, রোজার পরে, বৃষ্টির পরে, শীতের পরে সরকার পতনের আন্দোলন হবে।’ আজ পর্যন্ত তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারেনি এবং পারবেও না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন আরও বলেন, আজকে শুধু ঢাকা নয়, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, সর্বত্র মানুষ উন্নয়নের যে ছোঁয়া পেয়েছে, সেই উন্নয়ন থেকে মানুষ নিজেকে বঞ্চিত করতে চায় না। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের সেই লুটপাট দেখতে চায় না।
আগামী জাতীয় নির্বাচনে জয়যুক্ত হওয়ার জোরালো আশাবাদ ব্যক্ত করে লিটন বলেন, সবদিকে বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্যে এই নির্বাচনে আমাদের জয়যুক্ত হতেই হবে।
সময়ের আলো/জেডআই