তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হলেও এখনো মাঠে নামেনি বিএনপি। সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। কাকরাইল, নাইটিঙ্গেল, ফকিরাপুল কিংবা বিজয়নগরেও বিএনপি নেতাকর্মীদের কাউকে অবস্থান নিতে দেখা যায়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল, বিজয়নগর, কালভার্ট রোডসহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল ৭টা থেকেই কর্মীশূন্য পল্টনের বিএনপি কার্যালয়। সকাল ১০টা পেরিয়ে গেলেও দলীয় কার্যালয় বা এর আশপাশের এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলও দেখা যায়নি।
এদিকে, বিএনপি ও জামায়াতের টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে নয়াপল্টন ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রিকশা, ভ্যান, সিএনজি, লেগুনা ও মোটরসাইকেলের পাশাপাশি চলছে প্রাইভেটকারও। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও।
সময়ের আলো/এএ/