টানা তিন দিনের অবরোধের তৃতীয় দিন সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল, পথসভা, সংক্ষিপ্ত সমাবেশসহ পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২ নভেম্বর) অবরোধ সমর্থনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাজধানীর আগারগাঁও, পল্লবী, উত্তরা হাউজ বিল্ডিং, মোহাম্মদপুর, আদাবর ও গুলশানের সড়ক অবরোধ করে।
নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তিতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করে জামায়াত।
সকালে রাজধানীর আগারগাঁও এলাকার ৬০ ফিট সড়ক অবরোধ করে ঢাকা মহানগর উত্তরের মিরপুর-কাফরুল জোন জামায়াত। বিক্ষোভ মিছিলটি ৬০ ফিট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউরো সায়েন্স হাসপাতাল রোডে পথ সভার মাধ্যমে শেষ হয়।
হাতিরঝিল-তেজগাঁও অঞ্চলের উদ্যোগে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তেজগাঁও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের কর্মীরা।
রাজধানীর গুলশান লিংক রোডে অবরোধ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনানী থানা আমির আবু ফয়সল খান, গুলশান পশ্চিমের আমির মাহমুদুর রহমান। অবরোধ শেষে একটি বিক্ষোভ মিছিল করে দ্রুত সটকে পড়েন তারা।
জামায়াতের তরফ থেকে জানানো হয়, আরও কয়েকটি জায়গায় তারা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে।
সময়ের আলো/এএ/