বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগে শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ৬টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর পর্যায়ক্রমে রোববার রাত ১০টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে আরও ১৫টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। সব মিলিয়ে রাজধানীসহ সারা দেশে ২১টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে রাজধানীতেই ১১টি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা।
এদিকে টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বাস, লঞ্চ, ট্রেন চলাচল করলেও স্বাভাবিকের তুলনায় কম যানবাহন চলাচল করেছে। রাজধানীসহ কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে সড়ক-মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিং এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় গাজীপুর মহানগর যুবদলের নেতা গাজী হাসানকে গ্রেফতার করা হয়েছে। রাত সাড়ে ৮টায় মগবাজার ফ্লাইওভার থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাত ১০টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর বাইরে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীসহ দেশজুড়ে অবরোধবিরোধী মিছিল ও শান্তি মিছিল করেছে। অবরোধ চলাকালে দেশজুড়ে পুলিশের পাশাপাশি, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, বিএনপি-জামায়াত অবরোধ ডাকলেও তারা মাঠে নেই। তবে যাত্রীবেশে কিংবা ছদ্মবেশে গুপ্ত হামলা চালিয়ে বিএনপি-জামায়াত দুর্বৃত্তরা ২০টি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সময়ের আলোকে বলেন, শনিবার সন্ধ্যা ৭ থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১২টি আগুনের সংবাদ পাওয়া গেছে। তার মধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ) ১টি, বরিশালে (চরফ্যাশন) ১টি, রংপুরে (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৯টি বাস ও ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের তথ্যানুযায়ী শনিবার সাড়ে ৭ টায় রাজধানীর গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর পর্যায়ক্রমে ৭টা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে, ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপদ মোড়ে রাইদা পরিবহনের একটি বাসে, রাত ১০টায় গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনের একটি বাস, রাত ১১টা ৪২ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে, রাত পৌনে ১২টায় ভোলার চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ডে যমুনা এক্সপ্রেস নামে একটি বাসে, রোববার ভোর ৪টায় রাজধানীর ডেমরার মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় একটি বাস, একই সময়ে শ্যামপুরে জুরাইন বালুর মাঠে তুরাগ পরিবহনের একটি বাসে, ভোর ৫টা ১৭ মিনিটে মিরপুরে একটি বাসে, ভোর সাড়ে ৬টায় আরেকটি বাসে এবং সকাল সাড়ে ৬টায় গাজীপুরের ভোগরায় কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বেলা ১১টা ৫০ মিনিটে খাগড়াছড়ি জিরোমাইলে মিনি ট্রাকে, বিকাল ৪টা ৪২ মিনিটে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাংলামোটর মোড়ে উত্তরাগামী বঙ্গবন্ধু পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ৮টায় মিরপুরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময় খুলনার রূপসায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৮টায় আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন সময়ের আলোকে বলেন, দুষ্কৃতকারীরা যাত্রীবেশে চোরাগোপ্তা হামলা চালিয়ে যানবাহনে আগুন দিচ্ছে। তবে তারা নাশকতা করে পার পাবে না।
নাশকতাকারীদের এরই মধ্যে আইনের আওতায় আনা শুরু হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
অবরোধের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন সময়ের আলোকে জানান, সারা দেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বিচ্ছিন্নভাবে অবরোধকারীরা চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছে। প্রকাশ্যে দাঁড়াতে না পেরে তারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। গতকালের মতো মাঠ পর্যায়ের পুলিশকে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা প্রস্তুতি কার্যকর করতে বলা হয়েছে।
নোয়াখালী : নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত দেড়টার দিকে বাসটিতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। তবে জেলা শহর মাইজদীসহ উপজেলা শহরগুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।
গাজীপুর : বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন গাজীপুর মহানগরীতে গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন, শ্রীপুর উপজেলায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল ও কাভার্ড ভ্যান ভাঙচুর করেছে জামায়াতের নেতাকর্মীরা। এ ছাড়া কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হলে ধাওয়া দিয়ে সরকারদলীয় নেতাকর্মীরা দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বলেন, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ককটেল বিস্ফারণে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের কালিরহাট মোড়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপি-জামায়াত কর্মীরা ককটল বিস্ফোরণের পর ইটপাটকেল নিক্ষেপ করে।
ভোলা : শনিবার গভীর রাতে ভোলার চরফ্যাশনে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাস যমুনা এক্সপেসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে বাসটি রাখা ছিল।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে অবরোধকারীরা। এ সময় ককটেল বিস্ফোরণসহ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থান, এশিয়ার হাইওয়ের মদনপুরে, ঢাকা-সিলের মহাসড়কের বান্টিবাজার এলাকায় এসব ঘটনা ঘটেছে। শনিবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ফাঁকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়।
ধামরাই : শনিবার রাত ৮টার ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় সড়কের ঢাকাগামী লেনে মশাল মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। তারা বাস থামিয়ে সেøাগান দিয়ে সড়কের ওপর টায়ারে অগ্নিসংযোগ করে দৌড়ে পালিয়ে যায়।
বগুড়া : রোববার সকাল সোয়া ৮টার দিকে বগুড়ার শহরতলি এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক, কাভার ভ্যান ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে অবরোধকারীরা পালিয়ে যায়।
সিলেট : রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন দেয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। খাদিমনগর ও জাফলংয়ে অটোরিকশাসহ ২টি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। এ ছাড়া সিলেট নগরীসহ বিভিন্ন স্থানে চোর গোপ্তা পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, রোববার সকাল ১০টার দিকে প্রাইভেটকারটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।