রাজধানীসহ সারা দেশে বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ঢিলেঢালা কর্মসূচি পালন হয়েছে। তবে প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশজুড়ে চোরাগোপ্তা হামলা চালিয়ে আরও ১৪টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অবরোধের আগে গত শনিবার সন্ধ্যা থেকে সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ৩৭টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
এ ছাড়াও রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের নেতাকর্র্মীরা ঝটিকা মিছিল করেছে। মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, সড়কে অগ্নিসংযোগ ও গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়িতে আগুন দেওয়ার সময় বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার অভিযোগেও রাজধানীসহ দেশজুড়ে অভিযান চালিয়ে ব্যাপক ধরপাকড় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে অবরোধ ও নাশকতাবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জামায়াত সূত্র জানায়, সোমবার সকালে রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড, জুরাইন রেলগেট, ডেমরা, শাহজাদপুর, বাসাবো ও হাজারীবাগসহ বিভিন্ন স্থানে রেলপথ ও সড়কপথ অবরোধ করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত রোববার ভোর ৪টা থেকে সোমবার রাত পর্যন্ত ১৪টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশের দাবি, বিএনপি-জামায়াত সমর্থকরা অবরোধ কর্মসূচির নামে এসব যানবাহনে আগুন দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একসঙ্গে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে মুহূর্তের মধ্যে যানবাহনগুলোতে আগুন দিয়ে পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার ভোর ৪টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া মোট ২১টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি, রাজশাহী বিভাগে (বগুড়া) ১টি। এ ঘটনায় ১৫টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা ও ১টি লেগুনা পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১টি ইউনিটে ২৪২ জন কর্মী কাজ করেন।
ওই সূত্রের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, দিনের বেলা থেকে রাতে অগ্নিকা-ের ঘটনা বেশি ঘটেছে। এ দুদিনে ২১টির মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬টিতে এবং দিনের অন্যান্য সময় বাকি ৫টিতে আগুন দেওয়া হয়।
ঢাকা জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ার বলেন, রোববারের তুলনায় সোমবার সকাল থেকে বাস চলাচল অনেকটা বেড়েছে। তিনি বলেন, শ্রমিকদের সংসার আছে। তাই জীবনের ঝুঁকি নিয়েই তারা রাস্তায় নেমেছেন।
সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, সারা দেশে বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিকের পরিদর্শক (টিআই) মাহবুব শাহ জানান, গত অবরোধের তুলনায় এবার গাড়ির চাপ একটু বেশি। যাত্রাবাড়ীতে কিছুটা যানজট দেখা দিয়েছে।
সারা দেশে র্যাবের ৪৬০ টহল টিম : অবরোধের দ্বিতীয় দিনেও সারা দেশে র্যাবের ৪৬০টি টহল টিম মোতায়েন ছিল। সোমবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৬০টি টহল টিম মোতায়েন রয়েছে। ঢাকাসহ মোট ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এ ছাড়াও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য ও যাত্রীবাহী পরিবহনের জন্য ব্যবস্থা নিয়েছি। দূরপাল্লার বিভিন্ন পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে স্কট দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন : রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে বিএনপি ও জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এ কর্মসূচি শেষ হবে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশ ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বাড্ডা-রামপুরায় ঢিলেঢালা অবরোধ : টানা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে সকাল থেকে রাস্তায় গণপরিবহন বেড়েছে। ব্যক্তিগত গাড়ি কম দেখা গেলেও বেড়েছে বাস ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল। এদিন কর্মজীবী মানুষের আনাগোনাও বেশি দেখা গেছে। সোমবার সকালে রামপুরা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, নতুনবাজার, বসুন্ধরা ও কুড়িল পর্যন্ত সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশাও। সড়কে মোটরসাইকেলে চলাচলকারী সবচেয়ে বেশি। তবে ব্যক্তিগত প্রাইভেটকার বা মাইক্রোবাস কম দেখা গেছে।
রাজধানীর বাইরেও যানবাহনে আগুন দেওয়াসহ রাস্তা ও রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে অবরোধকারীরা।
গাজীপুর : গাজীপুরে দুই যাত্রীবাহী বাসে আগুন ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে দুর্বৃত্তরা। জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে কেপি পরিবহন ও মহানগরীর শিববাড়ীর-শিমুলতলী সড়কে বটতলা এলাকায় পার্কিং করা গাজীপুর পরিবহনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে গাজীপুরের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি সামান্তপুর এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ৬টি ককটেল এবং পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করে। রোববার রাতে এ ঘটনা ঘটে। চাটখিল থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল ও গাড়ির পাশে থেকে একটি পেট্রোলের খালি বোতল উদ্ধার করে।
বগুড়া : সোমবার সকালে বগুড়ায় একটি পানিবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার মহাসড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়। শাজাহানপুর থানা ওসি শহিদুল ইসলাম বলেন, পিকেটাররা একটি পানিবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আনোয়ারা (চট্টগ্রাম) : সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের আনোয়ারা পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজার এলাকায় রাস্তায় দাঁড়ানো অবস্থায় (চট্টমেট্রো-জ ১১-০৭২৬) বাসে আগুন দেওয়া হয়। আনোয়ারা থানার ওসি মো. সোহেল বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
ফেনী : ফেনীতে সোমবার সকাল থেকে সরব দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ঝটিকা মিছিলে পুলিশ বাধা দেওয়ায় বেশকিছু গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার বলেন, অবরোধের সমর্থনে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে একটু সামনে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের ধস্তাধস্তিতে জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিনসহ ৫-৭ নেতাকর্মী আহত হয়েছেন।
সিলেট : সিলেটে বিচ্ছিন্ন পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে সিলেট নগরীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করে। এ ছাড়া বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে মিছিল ও পিকেটিং করে। এদিকে অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার কোনো যান চলাচল করেনি। রাস্তায় অন্যান্য দিনের তুলনা যানবাহনে চলাচল ছিল কম। রাস্তাঘাটে কিছু সিএনজি অটোরিকশা এবং রিকশা চলাচল করলে ব্যক্তিগত যানবাহন চলাচল ছিল সীমিত।
টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে পেট্রোল দিয়ে বাসে আগুন লাগানোর সময় হাতেনাতে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ছাত্রদল নেতার নাম সাইফুল ইসলাম নয়ন (২৩)। তিনি টঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা এলাকার আবদুস সাত্তারের ছেলে এবং টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ১০-১২ জনের একটি দল সংঘবদ্ধভাবে বাসে আগুন দেওয়ার চেষ্টা চালায়। টের পেয়ে পুলিশ তাদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও সাইফুল পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাকে পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্রদল নেতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের কাছে পেট্রোল বোমার অস্তিত্ব পাওয়া গেলেও সাইফুলের কাছ থেকে পেট্রোল বোমা জব্দ করা যায়নি।
অন্যদিকে পুরান ঢাকার আজিমপুরে সোমবার সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে নিউমার্কেটের দিকে যাওয়ার সময় ছাত্রলীগের ধাওয়ায় মশাল মিছিলটি পণ্ড হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পালিয়ে যায়।
সময়ের আলো/জেডআই