অবরোধের তৃতীয় দফায় ২০ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী রোববার থেকে সারা দেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যুগপৎভাবে একই

2023-11-10T02:36:41+00:00
2023-11-10T02:36:41+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
আবারও ৪৮ ঘণ্টার অবরোধ
অবরোধের তৃতীয় দফায় ২০ গাড়িতে আগুন
১২ দিনে ডিএমপিতে গ্রেফতার ১ হাজার ৭৩৭ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ২:৩৬ এএম 
অবরোধের তৃতীয় দফায় ২০ গাড়িতে আগুন
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী রোববার থেকে সারা দেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যুগপৎভাবে একই কর্মসূচি পালন করবে শরিক দলগুলোও। গতকাল বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামী ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হবে। গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

রিজভী বলেন, অবরোধের বাইরে রয়েছে দোয়া মাহফিলের কর্মসূচি। ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত নিহত দুই পোশাক শ্রমিকসহ গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারা দেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে গত দুই সপ্তাহে তিন দফায় ১৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। ২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনার পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে টানা ৪৮ ঘণ্টা এবং তৃতীয় দফায় ৮ নভেম্বর থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। যা শেষ হবে আজ শুক্রবার ভোর ৬টায়।

তৃতীয় দফা অবরোধে ২০ গাড়িতে আগুন : বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধে ২০টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর, ধানমন্ডি, শাহজাদপুর, ভাটারা, যাত্রাবাড়ী ও মগবাজার) ৯টি, গাজীপুরে ৩টি, খাগড়াছড়িতে ১টি, বগুড়ায় ২টি, বরগুনায় ২টি, গৌরনদীতে ১টি, নোয়াখালীতে ১টি, সিরাজগঞ্জে ১টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর ও স্থানীয় থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। অবরোধ চলাকালীন রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ঢাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি চলাচল করেছে তুলনামূলক কম। তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধ চলাকালীন বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ কমসূচি ঘিরে সহিংসতার শুরুর পর থেকে গত বুধবার পর্যন্ত ১২ দিনে রাজধানীতে বিএনপির ১ হাজার ৭৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে ডিএমপির বিভিন্ন থানায় মামলা হয়েছে ১১৯টি।

জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান জানান, অবরোধ চলাকালীন গত বুধবার বিকাল ৪টা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত সারা দেশে তাদের ৩৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া গত ২৫ অক্টোবর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৯৩৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে তিনজন নিহত এবং আহত হয়েছে প্রায় ৪০০ জন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

পেট্রোল গ্যাস লাইটারসহ গ্রেফতার ২ : অবরোধ চলাকালে রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রোল, গ্যাস লাইটার ও পুরোনো কাপড়সহ দুজনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন-হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)। গতকাল দুপুর আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরোনো কাপড়সহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন গতকাল দুপুরে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আশিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সহিংসতা শুরুর দিন গত ২৮ অক্টোবর রাজধানীতে ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন, ৭ নভেম্বর ৬০ জন এবং ৮ নভেম্বর ৪১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। ১২ দিনে মোট গ্রেফতারের সংখ্যা ১ হাজার ৭৩৭ জন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, অবরোধে যারা বাসে আগুন দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

গতকাল ডিএমপির সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে যাদের সক্রিয় ও সচেতন করা প্রয়োজন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিয়েছি এবং কিছু পরামর্শ দিয়েছি।

বগুড়া : গত বুধবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার দীঘলকান্দি ও মানিকচক এলাকায় দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে মালামালসহ ট্রাক দুটি পুড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি ট্রাক বগুড়ার দীঘলকান্দি পৌঁছলে ১০-১৫ জন দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে ট্রাক থামায়। তারা ট্রাক ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। অন্যদিকে মানিকচক বাজারে আলু বোঝাই করার জন্য একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। দুটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ট্রাকের ওপর ককটেল নিক্ষেপ করলে আগুন লেগে যায়।

সিরাজগঞ্জ : গতকাল সিরাজগঞ্জে মহাসড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় আরও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। গতকাল সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাওল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বরগুনা : বুধবার রাতে বরগুনার তালতলী থেকে ঢাকাগামী সাকুরা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তালতলী থেকে চারজন যাত্রী নিয়ে ছেড়ে আসা সাকুরা পরিবহন (মেট্রো ব-১১-৮৫৭১) রাত ১০টার দিকে আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের তাড়িকাটা এলাকায় পৌঁছালে ২০-২৫ জনের একটি দল বাসের চালক ও সহকারীকে নামিয়ে ভাঙচুর করে। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ভোলা : গতকাল ভোলা-বরিশাল হাইওয়েতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এর আগে বুধবার রাতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদৌস ও ছাত্রদলের সহ-সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ফখরুলকে ভোলা শহরের টাউন স্কুল এলাকা থেকে আটক করা হয়। আর চরফ্যাশনের আমিনাবাদ ইউনয়নের ছাত্রদল সভাপতি মো. মমিনকেও আটক করা হয়।

কালীগঞ্জ : বুধবার গাজীপুরের কালীগঞ্জে ফ্রেস কোম্পানির সরিষা তেল ভর্তি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে চালকসহ তিনজনকে দগ্ধ করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তিনজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। আটকরা হলেন-৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য মো. আমরুল কয়েস এবং বিএনপির প্রচার সম্পাদক মো. আশরাফুল আলম সেলিম।

কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: