নিরুত্তাপ অবরোধে আরও ছয় গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি-জামায়েতের ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টা অবরোধ সূচি নিরুত্তাপভাবে পালন করলেও আরও ৬ গাড়িতে আগুন দিয়েছে দুর্বত্তরা। রোববার (১২ নভেম্বর)

2023-11-12T21:08:02+00:00
2023-11-12T21:08:02+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
নিরুত্তাপ অবরোধে আরও ছয় গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ৯:০৮ পিএম 
নিরুত্তাপ অবরোধে আরও ছয় গাড়িতে আগুন
বিএনপি-জামায়েতের ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টা অবরোধ সূচি নিরুত্তাপভাবে পালন করলেও আরও ৬ গাড়িতে আগুন দিয়েছে দুর্বত্তরা।

রোববার (১২ নভেম্বর)  সকাল থেকে ভোর থেকে রাত সোয়া ৮ টা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুনের ঘটনা ঘটে। অবরোধ ডাক দিয়ে শনিবার রাত সোয়া ১২ টা পর্যন্ত ৭টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই রাতে দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গত শনিবার রাত ৯ টা থেকে রোববার রাত সোয়া ৮টা পর্যন্ত মোট ১৩টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তবে ফায়ারসার্ভিস সূত্র জানায়, গত শনিবার রাত ৯টা থেকে রোববার ভোর সকাল ৬টা (অবরোধের আগের রাত) পর্যন্ত ৯টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। তার মধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ১টি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) ১টি। তার মধ্যে ৮টি বাস ও ১টি পিকআপভ্যান পুড়ে যায়। এ অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সময়ের আলোকে বলেন, সারাদেশে অবরোধের নামে নাশকতার অভিযোগে গতকাল রোববার ২০জনকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ৪ শতাধিক র‌্যাবের টিম টহল দিচ্ছে।

পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-অপারেশন) মো. আনোয়ার হোসেন সময়ের আলোকে জানান, অবরোধের নামে যারা নাশকতা করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। চোরাগুপ্তা হামলা চালিয়ে দুর্বৃত্তরা গাড়িতে আগুন দিয়ে নাশকতা করছে। পুলিশ কঠোরভাবে তাদের প্রতিহত করার চেষ্টা করছে। জানমালের ক্ষতি না হয় এজন্য সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সময়ের আলোকে বলেন, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। শুধু রাজধানী ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।    

ফায়ারসার্ভিস কর্মকর্তারা জানান, শনিবার রাত ৯ টায় নটরডেম কলেজের সামনে লাল সবুজ নামে ১টি বাসে, গাবতলী বাস স্ট্যান্ডের সামনে একটি বাসে আগুন, রাত ৯ টায় গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে গুলিস্তানে সময় নিয়ন্ত্রণ নামে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তা অনাবিল পরিবহন নামে ১টি বাসে আগুন, রাত সাড়ে ৯ টায় গাজীপুর মহনগর জুগীতলায় পিকআপভ্যান ও ট্রাকে আগুন, রাত সাড়ে ১১ টায় মিরপুর ১৪ নম্বর কাফরুল থানার সামনে প্রজাপতি পরিবহন নামে ১টি বাসে আগুন।

রাত ১২টায় মিরপুর রুপনগর থানার সামনে ১টি বাসে আগুন, রাত সাড়ে ৩ টায় বরিশাল শহরে মা এন্টারপ্রাইজ নামে ১টি বাসে আগুন, রোববার ভোর ৬ টায় পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহন নামে ১টি বাসে আগুন, দুপুর সোয়া ১ টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের সামনেই অবরোধকারীরা প্রজাপতি পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ৮ টায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ঢাকেশ্বর আদমজী ইপিজেডের সামনে নাফ পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সোয়া ৮ টায় তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।  

প্রতিনিধিদের পাঠানো সংবাদ...


গাজীপুর: শনিবার রাতে গাজীপুর মহানগর যোগীতলা মোড়ে এক ঘন্টার ব্যবধানে দুটি গাড়িতে আগুন দেয় দৃর্বৃত্তরা। এরমধ্যে একটি পিকআপভ্যান ও ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাক গাজীপুর ধীরাশ্রম এলাকা দিয়ে যাচ্ছিল। কয়েকজন দুর্বৃত্ত পিকআপটিতে ঢিল ছোড়ে। এ সময় ট্রাকটি থামালে তারা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। চালক দ্রুত নেমে যাওয়ায় দুর্ঘটনা ঘটেনি। অপরদিকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর যোগীতলা মোড় এলাকায় পিকআপে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল: শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরিশাল শহরের কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসের ভেতর রাজু নামে চালকের সহকারী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পরপরই টের পেয়ে আত্মরক্ষার্থে দ্রুত বাস থেকে নেমে যান। তার চিৎকারেই আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় অবরোধের সমর্থনকারীরা জড়িত রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ: শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে অবস্থিত গ্যারেজের পাকিং করা গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গ্যারেজের লোক থাকায় আগুন তাৎক্ষনিকভাবে নিভিয়ে ফেলা হয়। অপরদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ২ নম্বর আদমজী ইপিজেড এলাকায় নাফ পরিবহণ নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ারসার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।  

সিলেট:
রোববার সকালে সিলেট-জকিগঞ্জ সড়ক এবং দক্ষিণ সুরমা সংযোগ সড়কে যুবদল ও ছাত্রদল সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান ও পিকেটিং করেছে। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে যান চলাচলে বাধা দেয়। সকাল সাড়ে ৮ টার দিকে নগরীর জিতু মিয়ার পয়েন্ট ও কাজির বাজার ব্রীজ এলাকায় স্বেচ্ছাসেবক দল মিছিল ও সভা করে। এ সময় ১৭ নম্বর ওয়ার্ড আহবায়ক মামুনুর রশীদ মামুনকে আটক করে পুলিশ। অপরদিকে অবরোধ চলাকালীন সময়ে সিলেটের কদমতলী ও কুমারগাও বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। নগরজুড়েই ঢিলেডালা অবরোধ চলছে। যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সময়ের আলো/এম


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: