আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ দুইভাবে অংশ নেবে জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে বলেছি, আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ, দুইভাবে নির্বাচন করবে। কোন আসনে জোটবদ্ধ, আর কোন আসনে এককভাবে দলীয় প্রার্থী দেওয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানানো হবে।
তিনি বলেন, সরাসরি ও অনলাইনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে। প্রাথমিকভাবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও ক্রয়ের সিদ্ধান্ত হলেও প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। যদি সময় বাড়ানো হয়, তা জানানো হবে।
প্রসঙ্গত, এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরমটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরমটি কেনেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরআই