দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে আওয়ামী লীগসহ সাতটি রাজনৈতিক দল। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সময়ের আলোকে তিনি বলেন, সবশেষ পাওয়া তথ্য অনুযায়ি, সাতটি দল জোটবদ্ধভাবে ভোট করার জন্য ইসিতে আবেদন করেছে। বিকেলে আর কোন দল চিঠি দিয়েছে কিনা সেটি আমার জানা নেই। সময় আর বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনেই আছে তিনদিন আর সময় বাড়ানোর সুযোগ নেই।
জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আবেদন জমা দিয়েছে-বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি ও জাতীয় পার্টি (রওশন এরশাদ)।
শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আওয়ামী লীগ বলেছে, তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করবে। আর সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে। তবে আওয়ামী লীগ কোন কোন দলের সঙ্গে জোট করবে এ কথা তাদের চিঠিতে বলা নেই। আর দুটি দল পৃথকভাবে বলেছে, তারা নৌকা প্রতীকে নির্বাচন করবে। সাম্যবাদী দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে করবে বলেছে। গণতন্ত্রী পার্টিও নৌকা প্রতীকে ভোট করবে বলে চিঠি দিয়েছে। জাপার দুটি চিঠি এসেছে। জিএম কাদের বলেছেন, তার সইয়ে মনোনয়ন হবে। আবার রওশন এরশাদ বলেছেন, তারা জোটে ভোট করবেন।
কোনটি আমলে নেবেন জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, এটা কমিশন দেখবে। দুটি চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়।
সাইনিং অথরিটিকে হওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন, সাধারণত দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হন। জিএম কাদের সাইনিং অথরিটি হলে বিবেচনা কী হবে, প্রশ্ন করলে অশোক এটা কমিশন বলতে হবে।
গত বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নিতে চাইলে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আইর অনুসারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এমন প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিলের বিধান রয়েছে। সে অনুযায়ী নির্বাচনী জোটের প্রতীকের জন্য তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দল রয়েছে। তাদের অনেকেই নিজ প্রতীকের পাশাপাশি বিগত নির্বাচনগুলোতে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতাও করেছে।
ইসি’র সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-১) রৌশন আরা বেগম সময়ের আলোকে বলেন, আমি সবশেষ বিকেল চারটা পর্যন্ত দেখে আসছি যে সাতটা দল আবেদন করেছে। এরপর বিকেলে হয়তো আরও জমা পরছে। কাল সব পাওয়া যাবে।
সময়ের আলো/জিকে