বিএনপির নিরুত্তাপ হরতাল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তফসিল ঘোষণার প্রতিবাদ এবং এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল শেষ হচ্ছে আজ। প্রথম দিনে অনেকটা নিরুত্তাপ ও ঢিলেঢালাভাবে

2023-11-20T02:07:10+00:00
2023-11-20T02:07:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির নিরুত্তাপ হরতাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ২:০৭ এএম 
বিএনপির নিরুত্তাপ হরতাল
তফসিল ঘোষণার প্রতিবাদ এবং এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল শেষ হচ্ছে আজ। প্রথম দিনে অনেকটা নিরুত্তাপ ও ঢিলেঢালাভাবে পালিত হয়েছে এ কর্মসূচি। রাজধানীর বিভিন্ন জায়গায় মিনিট কয়েকের জন্য হাতেগোনা নেতাকর্মী ঝটিকা মিছিল করে সটকে পড়েন। মিছিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা ফেসবুকে জানিয়ে দেন। যদিও ঢাকার বাইরের দৃশ্য খানিকটা ভিন্ন। আজ সোমবার বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, এক দিনের বিরতি দিয়ে ফের অবরোধ কিংবা ঘেরাও কর্মসূচির ডাক আসতে পারে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন বিরোধী দলের নেতাকর্মীদের নিপীড়ন এবং গ্রেফতার-তাণ্ডব সব সীমা লঙ্ঘন করেছে।

ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, তাদের জানা উচিত এই নিশুতি সরকারই শেষ সরকার নয়। কয়েক দিন পরেই হবে জনগণের সরকার। তখন এই আজ্ঞাবাহী, দলদাস, পোশাকি সন্ত্রাসীদের পরিণতি কী হবে জনগণ সিদ্ধান্ত নেবে।
সরকার বিএনপি এবং জিয়া পরিবারকে ধ্বংসের জন্য বহুমুখী চক্রান্ত করে ব্যর্থ মন্তব্য করে রিজভী বলেন, আগামী ১০-১৫ বছর কেন, বিশ্বের মানচিত্রে লাল-সবুজের পতাকাটি যতদিন থাকবে ততদিন বিএনপি থাকবে এই দেশে ইনশাআল্লাহ! আমি শুধু সজীব ওয়াজেদ জয় সাহেবকে বলব, ইতিহাস পড়েন। স্বৈরাচাররা যখন ক্ষমতার মসনদে বসে থাকে তখন অন্ধের মতো দাম্ভিকতা দেখায়।

সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১৮টি। আসামি করা হয়েছে ২ হাজার ৮৫ জনের অধিক নেতাকর্মীকে (এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা)। মোট আহতের সংখ্যা ১০০ জনেরও বেশি নেতাকর্মী। মৃত্যু হয়েছে একজনের। এ ছাড়া ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪-৫ দিন আগে থেকে এখন পর্যন্ত মোট গ্রেফতার ১৩ হাজার ৭২০ জনেরও বেশি নেতাকর্মী। মামলা হয়েছে ৩১৪টিরও বেশি। মোট আহত ৪ হাজার ২৩৩ জনেরও বেশি। মৃত্যু ১৫ জন (সাংবাদিক একজন) বলেও জানান রিজভী।

ঢিলেঢালা হরতাল : দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিলের প্রতিবাদে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীতে বিএনপি বিভিন্ন স্থানে ‘ঝটিকা’ মিছিল এবং সমমনা জোটগুলো পুরানা পল্টনের বিজয়নগর সড়কে ‘বিক্ষোভ মিছিল’ করেছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর পুরানা পল্টন, বিজয়নগর, তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাবের সামনে, সায়েন্স ল্যাবরেটরির সামনে, তেজগাঁও রেলস্টেশন সড়ক, তেজগাঁও শিল্পাঞ্চল সড়ক, বাড্ডা, ফকিরাপুল, গ্রিন রোড প্রভৃতি সড়কে এসব কর্মসূচি পালন করে বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপিসহ সমমনা জোটগুলো সারা দেশে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি করছে।

বিএনপি : তেজগাঁও রেলস্টেশনের সড়ক, ফকিরাপুল, কবি নজরুল সরকারি কলেজ সড়ক, ঝিগাতলা, বনানীর কাকলীর সামনের সড়ক, তেজগাঁও শিল্পাঞ্চল সড়ক, গুলশানে ছাত্রদল, বাড্ডায় মহিলা দল, শাহবাগ, রমনা, মতিঝিল এবং গ্রিন রোডে স্বেচ্ছাসেবক দল সকালে ‘ঝটিকা’ মিছিল করে চলে যায়। এসব মিছিলে কোথাও ৩০-৩৫ জন আবার কোথাও কোথাও কোথাও অর্ধশতাধিক নেতাকর্মী ছিলেন।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে বিএনপি টানা কর্মসূচি দিয়ে এলেও নেতাকর্মীদের রাজপথে সেভাবে দেখা যাচ্ছে না। ঝটিকা মিছিল করে ফেসবুকে পোস্ট করে সটকে পড়ছেন তারা।
গণতন্ত্র মঞ্চ : দুপুর সাড়ে ১২টার দিকে বিজয়নগর সড়কে নির্বাচনের তফসিলের প্রতিবাদে মিছিল করে তারা। মিছিলটি সরকারবিরোধী নানা স্লোগান দিয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জাতীয়তাবাদী সমমনা জোট : বিজয়নগর সড়কে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে। এই মিছিলে এনপিপির ফরিদুজ্জমান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুতফুর রহমান, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম এবং এনডিপির আবু তাহের উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ : নুরুল হক নূরের নেতৃত্বে পরিষদের শতাধিক নেতাকর্মী বিজয়নগর এবং নয়াপল্টনের সড়কে বিক্ষোভ মিছিল করে।

গণতান্ত্রিক বাম ঐক্য : তোপখানা রোড থেকে পুরানা পল্টনের মোড়ে ‘একতরফা’ নির্বাচনের প্রতিবাদে মিছিল করে তারা। ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেয় ‘গণতান্ত্রিক বাম ঐক্য’।

১২ দলীয় জোট : বেলা সাড়ে ১১টার দিকে বিজয়নগর সড়কে মিছিল করে ১২ দলীয় জোট। এই মিছিলে ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) নওয়াব আলী আব্বাস, জাগপার রাশেদ প্রধান, ইকবাল হোসেন, লেবার পার্টির ফারুক রহমান, কল্যাণ পার্টির নুরুল কবির ভূঁইয়া পিন্টু, বিএলডিপির এমএ বাশার, জাতীয় দলের শামসুল আহাদ এবং ইসলামী ঐক্যজোটের ইলিয়াস রেজা।

এলডিপি : দুপুর ১২টার দিকে নাইটিঙ্গেল মোড়ে মিছিল করে নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়েছে এলডিপি। এই মিছিলে ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির এবং যুগ্ম মহাসচিব বিল্লাহ মিয়াজীসহ নেতৃবৃন্দ।

আগের মতো তালাবদ্ধ কার্যালয় : বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র বদলায়নি। তালাবদ্ধ অবস্থায় আছে। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর রাত থেকে এই কার্যালয়ে নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি, কার্যালয়ের কলাসিবল গেট তালাবদ্ধ দেখা যায়। কার্যালয়ের সামনে দুই পাশে বসানো হয় পুলিশি নিরাপত্তা যা এখনও বলবৎ আছে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: