সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবরের সমাবেশ থেকে তা-ব শুরুর পর অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি ও এর সমমনা দলগুলো। অবরোধের সঙ্গে দেওয়া হচ্ছে হরতাল কর্মসূচিও। এক অবরোধ শেষ হতেই ঘোষণা করা হচ্ছে নতুন অবরোধ কর্মসূচি। এসব কর্মসূচি জনজীবনে তেমন প্রভাব না ফেললেও নিয়মিত চোরাগোপ্তা হামলা এবং বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯টি যানবাহনে অগ্নিসংযোগ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এদিকে আগামী রোববার থেকে ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, গত ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৩৬টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। আর উক্ত ৩৬ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, রাজশাহীতে একটি, বগুড়ায় একটি, কুমিল্লায় তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি কনটেইনার, পাঁচটি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও ৬৮ জন জনবল কাজ করে। ফায়ার সার্ভিস আরও জানায়, গতকাল দুপুর ১টার দিকে রাজধানীর জিপিওতে শিকড় পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা বাসের আগুন নিভিয়ে ফেলে।
এদিকে গতকাল বেলা ৩টার দিকে মনোনয়নপত্র জমাদানের সময় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ মো. জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়েছিলাম। বেলা ৩টার দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়ই গাছের ওপরের দিকে বিকট শব্দ হয় আর এরপরই চারপাশে ধোঁয়া দেখা যায়। এ সময় আমরাসহ উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। মোতায়েন করা হয় বেশ কিছু পুলিশ সদস্যও। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম জানিয়েছেন, শেষ দিনে বেলা ৩টা পর্যন্ত পর্যন্ত ৫৩টি মনোনয়ন ফরম জমা পড়ে। এরই মধ্যে বিকট শব্দ শোনা যায়। পরে জানতে পেরেছি, ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ : নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে ছুটির দুই দিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে দলটির এই অবরোধ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশের বিভিন্ন স্থানে গত ৩৬ ঘণ্টায় অনেক গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিক্ষোভসহ অবরোধ পালন করে বিএনপি ও সমমনা দলগুলো। আমাদের ব্যুরো প্রতিনিধিদের পাঠানো খবর
গাজীপুর : গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের বাসের ভেতরের পুরো অংশ পুড়ে গেছে। অপরদিকে মহানগরীর ঝাঁজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা দুটি ককটেল ফাটিয়ে চলে যায়। একই দিন সকাল সাড়ে ৬টার দিকে ওই ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, বাইরে থেকে কাউকে আগুন দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশে বাসে উঠে দুষ্কৃতকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর বাজার সংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে করে পাথর নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিল। পুঠিয়ার তারাপুর বাজার পার হওয়ার সময় ট্রাকের একটি চাকা বিস্ফোরিত হলে ট্রাকটি থামিয়ে চাকা সংস্কার করছিল ট্রাকের হেলপার ও ড্রাইভাররা। এ সময় বাইকযোগে কয়েকজন হেলমেট পরে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। অভিযুক্তদের ধরতে এলাকায় টহল চলছে বলে জানায় পুলিশ।
বগুড়া : বিএনপির ডাকা হরতালের পক্ষে বগুড়ায় পিকেটিং করার সময় ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। অপরদিকে বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শিবগঞ্জে আলুর বীজ নামিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে বনানীতে ১০-১২ জন দুর্বৃত্ত গতিপথ রোধ করে ট্রাকটিতে ভাঙচুর ও আগুন দেয়।
শরীয়তপুর : নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা হরতালে শরীয়তপুরের নড়িয়ায় গাছ কেটে সড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. আহসান হাবীব বলেন, শুনেছি রাতে সুরেশ^র সড়কে কেউ গাছ কেটে ফেলে রেখেছিল। ডাকাতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
কুমিল্লা : কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি বলেন, তিশা পরিবহনের কয়েকটি বাস মহাসড়কের আইরিশ হিল রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো ছিল। বুধবার রাত ৩টার দিকে খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সময়ের আলো/জেডআই