নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ (১৯ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। হরতাল সফল করতে সবার প্রতি আহ্বানও জানায় দলগুলো। এর আগেও ২ দফায় হরতাল ও ১১ দফায় অবরোধের ডাক দিয়েছে।
এদিকে ভোলার সদর থানাধীন এলাকায় গতকাল (১৮ ডিসেম্বর) বিকালে হরতাল সমর্থনে তিনটি মিছিল বের করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা শহরের বিভিন্ন প্রান্তে মিছিল নিয়ে একস্থানে জড়ো হয় ও হরতাল নিয়ে বিভিন্ন পরিকল্পনা করেন। এ সময় বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর টোলঘর এলাকায় চীনাবাদাম বোঝাই একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ওই ঘটনায়র সঙ্গে জড়িত এক বিএনপি কর্মীকে আটক করেছে বলে জানায় শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন।
অবরোধ ও হরতাল দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। তবে এসব কর্মসূচিতে জনজীবনে তেমন কোনো প্রভাব না পড়লেও নিয়মিতই চোরাগোপ্তাভাবে বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ করা হচ্ছে। গত ২৮ অক্টোবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত সারা দেশে ২৪১টি যানবাহন ভাঙচুর ও ৩৭৮টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজকের সকাল-সন্ধ্যা হরতাল গতকাল সোমবার পালনের কথা থাকলেও কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুর কারণে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর সম্মানার্থে হরতাল এক দিন পিছিয়ে আজ পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ হরতাল পালন করতে সারা দেশের নেতাকর্মীরা রাজপথে নেমে আসবেন।
সময়ের আলো/জেডআই