হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিভিন্ন জোনে ভাগ হয়ে এসব কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সদরঘাট এলাকায় মিছিল ও সমাবেশ করে জামায়াতের নেতাকর্মীরা। দলের মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন মিছিলের নেতৃত্ব দেন।
তিনি বলেন, বানরের পিঠা ভাগাভাগির মতো নিজেরা নিজেরাই আসন ভাগাভাগি করে পুরো নির্বাচনকে একটা তামাশার নির্বাচনে পরিণত করেছে সরকার। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে এ ধরনের নির্বাচনী খেলা ও তামাশা বন্ধ করুন, একতরফা প্রহসনের নির্বাচন এদেশের মানুষ আর মেনে নিবে না, এই পাতানো নির্বাচনকে জনগণ প্রতিহত করবে, ইনশাআল্লাহ। জনগণ নিজেদের অধিকার আদায়ে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরে যাবেনা। এদেশের জনগণ ৫২'র ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা সংগ্রাম ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ও জীবন দিয়ে দাবি আদায় ও এদেশকে মুক্ত করেছিল। প্রয়োজনে আবারও জীবন দেব, রক্ত দেব।
এছাড়াও একই দাবিতে রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল, রমনার বেইলী রোড, খিলগাঁও, যাত্রাবাড়ী, সবুজবাগ, ডেমরা, সূত্রাপুর, বাদামতলী, ধোলাইপাড়, ঢাকা-নারায়ণগঞ্জ রোডে জামায়াতে ইসলামীর মিছিল ও পিকেটিং অনুষ্ঠিত হয়।
এদিকে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বসিলা, বিমানবন্দর সড়ক, মিরপুর কাজীপাড়া, পান্থপথ, মগবাজার ও শ্যামলীতে মিছিল ও পিকেটিং করে।
সময়ের আলো/আরআই