যুদ্ধাপরাধীদের দোসরদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর কল্যাণপুর নতুন বাজার মোড়ের গ্রীলপট্টিতে ঢাকা-১৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে এবং শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে ঢাকা-১৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী কামাল আহমেদ মজুমদারের পক্ষে নির্বাচনি প্রচারের অংশনিয়ে এ কথা বলেন তিনি।
শেখ ফজলে শামস পরশ বলেন, যারা বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না তাদের কি দরকার বাংলাদেশে নির্বাচন করা। তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক। বিএনপির মতো দেশবিরোধী সংগঠনকে আমরা এদেশে নিষিদ্ধ করে পাকিস্তানে বিতাড়িত করতে চাই।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসেনি, তাদের নিজেদের কারণে। তাদের নির্বাচনে না আসার দুটি কারণ রয়েছে। প্রথমত তাদের নিজস্ব দুর্বলতা। দলের মধ্যে দ্বন্দ্ব। নেতৃত্ব কে দেবে। দ্বিতীয়ত তারা ভোটে যেতে সাহস পায় না। কারণ তারা যে অগ্নি-সন্ত্রাস করেছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে এখনও মারছে, এ কারণে তাদের নির্বাচনে আসার কোনো আগ্রহ নেই। এদেশের জনগণ তাদের বর্জন করেছে। তারা তা ভালোই বুঝতে পারছে। গণমানুষের সম্পদ, গণপরিবহন পুড়িয়ে জনগণের সমর্থন পাওয়া যায় না। তাদের রাজনৈতিক কৌশল আমাদের মতো মানুষের বোধগম্য নয়।
যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের দরকার একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। কোনো বিশেষ দল নির্বাচনে আসলো বা না আসলো তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের বিবেচনার বিষয়ও না। কিন্তু আপনাদেরই নির্ধারণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী করতে পারি। সকলেরই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। আমরা কাউকে বাধা দেব না।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক, সোহেল পারভেজ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ প্রমুখ।
সময়ের আলো/এম