ভোক্তারা ভেবেছিল সামনে নির্বাচন, হয়তো কোনো পণ্যের দাম এখন আর বাড়বে না। কিন্তু ভোক্তাদের অবাক করে দিয়ে হঠাৎ করে দাম বাড়ল আলুর। বুধবার বাজারে গিয়ে তা টের পেলেন গুলবাগের হানিফ শিকদার। কয়েক দিন আগেই আলু কিনেছেন প্রতি কেজি ৬২ থেকে ৬৫ টাকা। কিন্তু এখন সেই আলুর দাম হয়ে গেছে ৭০ থেকে ৭৫ টাকা। অবশ্য টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে আলু বিক্রি করছে কেজিতে ৬০ টাকা।
সপ্তাহখানেক আগে হানিফ শিকদার আলু কিনেছেন ৪৫ থেকে ৫০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ আলুর দাম বৃদ্ধি নিয়ে কোনো যুক্তি খুঁজে পেলেন না। মালিবাগ বাজারের এক আলু বিক্রেতা জানান, পাইকারিতে যদি দাম বেড়ে যায় তা হলে তো করার কিছুই নেই। কথা প্রসঙ্গে বিক্রেতা বললেন, এই আলু নিয়ে এক ধরনের সিন্ডিকেট রয়েছে। তা না হলে এ মৌসুমে হঠাৎ আলুর দাম বাড়বেই বা কেন।
হানিফ শিকদার মনে করার চেষ্টা করেন, গত বছর এ সময়ে কত দামে আলু কিনেছেন। মনে পড়ে সে সময় আলু বিক্রি হয়েছে ১৬ থেকে ২২ টাকা কেজি। তখন এই আলু নিয়ে এত মাতম হয়নি। আলুর উৎপাদন নিয়ে মুন্সীগঞ্জের এক ব্যবসায়ী জানান, এবার আলুর ক্ষেতে কিছুটা ক্ষতি হয়েছে। এরপরও উৎপাদন বেশ আশাব্যঞ্জক। আর দামের ব্যাপারে তিনি জানান, এ সময়ে আলুর দাম এত হওয়ার কথা নয়। কারণ বাজারে নতুন আলু এসেছে। তবে নতুন আলুর দাম বৃদ্ধি পাওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয়।
রামপুরা বাজারের একজন বিক্রেতা জানান, আমাদের মধ্যে প্রশ্ন হঠাৎ কেন নির্বাচনের আগে আলুর দাম বেড়ে গেল। এ সময়ে আলুর দাম বেড়ে যাওয়াকে অস্বাভাবিক মনে হচ্ছে। আবার কি সেই সিন্ডিকেটের পাল্লায় পড়ল আলুর বাজার?
সময়ের আলো/আরএস/