বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে হিজড়া, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদরদফতরের পুলিশ সুপার (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, বুধবার রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, পুনাক সারা বছর বিভিন্ন সময়ে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান করে আসছে। এবারই প্রথম হিজড়া জনগোষ্ঠীকে পুনাকের এ সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি হিজড়া সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে পুনাক সভানেত্রী প্রতিবন্ধী, দুঃস্থ, অসহায়, হিজড়া ও শীতার্তদের হাতে শীতবস্ত্র ও সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে ২৫০ জনকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, ডিএমপি কমিশনারের সহধর্মিনী ডা. ওয়াজেব শামসুন্নাহার, পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ,সদস্য এবং ডিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুনাক প্রশাসন এবং সমাজকল্যাণ দফতরের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর।
সময়ের আলো/এম