বিদ্রোহী কবি কাজী নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটিতে নতুনভাবে সুর সংযোজন করে বিতর্কের মুখে পড়েছেন উপমহাদেশের খ্যাতিমান সুরকার এআর রহমান। সেই বিতর্কের পর তাকে সেভাবে পাননি তার ভক্ত-অনুরাগীরা।
গানটি নিয়ে কোনো মন্তব্যও করেননি তিনি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিল্পী বিভিন্ন বিষয়ে কথা বলেন। এআর রহমান জানান, তার মা শিখিয়েছিলেন, কীভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয়। অন্ধকার সময়, নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায়। জীবনে একটা সময় বিভিন্ন ধরনের উল্টাপাল্টা খেয়াল আসত তার মাথায়।
ছোটদের সঙ্গে কথা বলতে গিয়ে মায়ের দেওয়া পরামর্শই সবার সঙ্গে ভাগ করে নেন কিংবদন্তিতুল্য এ সংগীতজ্ঞ। তিনি বলেন, ‘শৈশবে অনেক সময় নিজেকে শেষ করে ফেলার চিন্তা এসেছে আমার মাথায়। সেই ভাবনা থেকে নিজেকে বের করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সে সময় মা আমায় বলেছিলেন, যখন আমি অন্যের জন্য বাঁচব তখন আর এসব ভাবনা আমার মাথায় আসবে না।’
মায়ের সেই কথাগুলো গায়ক এখনো ভোলেননি। তিনি এ পরামর্শ এখনো প্রতিটি পদক্ষেপে তিনি মেনে চলেন।
গায়ক মনে করেন, স্বার্থপর না হয়ে অন্য কারও জন্য বাঁচলে তবেই সেটাকে জীবন বলে। কারও জন্য সুর বাঁধা হোক কিংবা কারও জন্য খাবার কেনা নিজের জন্য না ভেবে চারপাশের মানুষের কথা মানলে কখনো নেতিবাচক চিন্তা-ভাবনা মনকে প্রভাবিত করে না।
সময়ের আলো/জেডআই