বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিপাকে পড়েছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। শুধু তা-ই নয়, মাদককাণ্ডে গ্রেফতার হয়ে ভাইসহ এক মাস কারাগারে ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন কীভাবে কারাগারের দিনগুলো পার করেছিলেন।
রিয়া বলেন, ‘কারাগারে পাঠানোর পর কোভিডের কারণে আমাকে ১৪ দিন আলাদা রাখা হয়েছিল। একটি রুমে আমি একা ছিলাম। কেবল খাবারের সময় জিজ্ঞেস করা হতো, খাব কিনা। আমি খুব ক্ষুধার্ত ও ক্লান্ত থাকতাম; ফলে তারা যা দিত, তা-ই খেতাম। স্বাদ নিয়ে তখন ভাবিনি।’
অন্য কয়েদিদের দেখে নিজেকে সান্ত্বনা দিতেন রিয়া। তার কথায়, কারও কাছে ৫-১০ হাজার রুপিও নেই জামিনের জন্য। সেই জায়গায়, আমার পরিবার ও বন্ধুরা আমার পাশে ছিল। নিজেকে বলতাম, তুমি ন্যায়বিচার পাবে, জামিন পাবে। কারণ তুমি কোনো অন্যায় করোনি। ওখানকার নারীদের দেখে অনেক কিছু শিখেছি। যেটা আমার নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে অযথা চিন্তা করে কী লাভ! রিয়া জানালেন, কারাগারে অন্যতম কঠিন বিষয় ছিল টয়লেট। নায়িকার ভাষায়, ‘যেখানে ঘুমানোর জায়গা, সেটার পাশেই টয়লেট। কারাগারে শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণাই বেশি।’ যখন জামিন পেয়েছিলেন, কেমন লেগেছিল? এ প্রশ্নের জবাবে রিয়া বললেন, ‘আমি ওখানকার সব নারীকে বলেছিলাম, যেদিন জামিন পাব, সেদিন তাদের জন্য আমি নাচব। এরপর জামিনের খবরে ‘নাগিন’ গানের তালে নেচেছিলাম। তারা সবাইও আমার সঙ্গে নেচেছিল। আমার ঘরে ফেরা দেখে তারা অনেক খুশি ছিল।’
সময়ের আলো/জেডআই