দেশের খ্যাতিমান সঙ্গীত পরিচালক আজাদ রহমান। চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি টপ্পা, ঠুমরি, গজল, কাওয়ালী, ধ্রুপদ, খেয়াল, আধুনিক সঙ্গীতের বিভিন্ন শাখায় কাজ করেছেন।
পিয়ানো বাদন, অর্কেস্ট্রা কম্পোজিশনে অসাধারণ দক্ষ ছিলেন। ১৯৬৯ সালে আগুন্তক চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করেন আজাদ রহমান। ১৯৭৭ সালে যাদুর বাঁশী চলচ্চিত্রের শ্রেষ্ঠ সুরকার ও ১৯৯৩ সালে চাঁদাবাজ চলচ্চিত্রের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৭৬ সালে তিনি জনসচেনতামূলক গোপন কথা নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। ২০২০ সালের ১৬ মে প্রয়াত হন এই গুণী সঙ্গীতজ্ঞ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) আজাদ রহমানের ব্যবহৃত দুর্লভ দ্রব্যাদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে মহাপরিচালক মো. কামরুজ্জামান কাছে হস্তান্তর করেছেন শিল্পীর স্ত্রী বিশিষ্ট গায়িকা সেলিনা আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান, কর্মকর্তাবৃন্দ ও আজাদ রহমানের ছোট ভাই সাজ্জাদ রহমান।
আজাদ রহমানের ব্যবহৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে- মুভিটোন স্টুডিওতে ব্যবহৃত ৩৫ মিমি প্রজেক্টর মেশিন, মিকসার মেশিন, ৩৫ মিমি পোর্টেবল এডিটিং মেশিন, ১৬ মিমি পোর্টেবল এডিটিং মেশিন, নিউ ম্যান মাইক্রোফোন, মনিটরসহ ৮ মিমি প্রজেক্টর, তৎকালীন সময়ের টাইপ রাইটার, সাউন্ড বক্স, ট্রানজেস্টার টিভি রিসিভার, অডিও রিভার্ব প্রসেসর, ইকোলাইজার (মাল্টি ইফেক্ট প্রসেসর), মিনি অডিও মিকসার, এমপ্লিফায়ার, এমপি থ্রি, ২টি গিটার, প্রজেক্টার এমপ্লিফায়ার, মাইক্রোফোন স্ট্যান্ড, Long play (LP), Long play (LP) মিডিয়াম, Long play (LP) ছোট, বিভিন্ন গানের স্পুল টেপ ছোট/বড়, ১৬ মিমি ক্যামেরা, নাগরা থ্রী, এইট ট্র ক্যাসেট রের্কডার, ডিজিটাল কনসল, ক্যাসেট রের্কডার, বিভিন্ন ধরনের অডিও ক্যাসেট, সিডি, ডিভিডি, বেটাক্যাম, বাংলা খেয়াল প্রশিক্ষণের বই, সনি ডিজিটাল ক্যামেরা।
সময়ের আলো/জিকে