বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল দুরানির বিয়ে হয় ২০২২ সালে। ঠিক এক বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। এদিকে রাখির পরে এবার ‘বিগ বস ১২’র প্রাক্তন প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আদিল খান দুরানি।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ইনস্টাগ্রামে যৌথ পোস্ট শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদিল এবং সোমি। পোস্টে বিয়ের একাধিক ছবিও শেয়ার করেছেন।
ক্যাপশনে লেখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর রহমতে আমরা একটি সহজ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি।’
তিনি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের তাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।’
পোস্টের শেষে আদিল খান দুরানি ও সোমি আদিল খানের নামের নিচে তারিখ উল্লেখ করা হয় ৩ মার্চ ২০২৪। অর্থাৎ বিয়ে হয়েছে গত রোববার।
এদিকে প্রথম ছবিতে আদিল এবং সোমি খান তাদের ফ্রেমে বাঁধা বিয়ের সার্টিফিকেট হাতে একে অপরের দিকে হাসছিলেন। একটি ছবিতে আদিলকে সোমির কপালে চুমু খেতে দেখা গেছে।
সোমি খান ‘বিগ বস ১২’র অংশ নিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন তার বোন সাবা খান।
২০২২ সালে আদিল খান দুরানি ও রাখি সাওয়ান্তের বিয়ে হয়। প্রথমে সেই খবর গোপন থাকলেও পরে রাখি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। রাখি গার্হস্থ্য সহিংসতা, তহবিলের অপব্যবহার এবং তাকে নির্যাতনের অভিযোগে আদিলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। রাখি আরও অভিযোগ করেন, আদিল তার সাথে প্রতারণা করেন।
সময়ের আলো/জেডআই