দেশীয় শোবিজ অঙ্গনের আলোচিত মুখ তারিন জাহান। যিনি একাধারে মডেল, অভিনেত্রী ও গায়িকা। এক সময় নিয়মিত অভিনয় করলেও এখন খুব কম কাজ করেন। গত বছর তাকে দেখা গেছে হৃদি হক পরিচালিত ‘একাত্তরের সেইসব দিনগুলো’ সিনেমায়। এর আগে কলকাতার ‘এটা আমাদের গল্প’ সিনেমায় অভিনয় করলেও আলোর মুখ দেখেনি। মানসী সিনহা পরিচালিত এই সিনেমায় তারিন কাজ করেছিলেন করোনার আগে। অবশেষে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ‘এটা আমাদের গল্প’। সব কিছু ঠিক থাকলে ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তারিন।
তিনি বলেন, ‘করোনার ঠিক আগে আগে ছবিটির শুটিং করেছিলাম। শুটিং শেষে দেশে ফেরার পর দীর্ঘদিন প্রডাকশনের সঙ্গে যোগাযোগ ছিল না। নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সম্প্রতি মানসী সিনহা দিদি জানিয়েছেন, ছবিটি ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। তবে পশ্চিমবঙ্গে এখন নির্বাচন প্রস্তুতি চলছে। যদি নির্বাচন নিয়ে কোনো ঝামেলা না হলে নির্ধারিত দিনেই ছবিটি মুক্তি পাবে, নইলে হয়তো দু-এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে।’
‘এটা আমাদের গল্প’ সিনেমায় তারিকে দেখা যাবে বাংলাদেশের হিন্দু পরিবারের এক মেয়ের চরিত্রে। তার বিয়ে হয় কলকাতার এক বনেদি পরিবারে। বউ-শাশুড়ির ভালোবাসা, রাগ-অভিমান নিয়েই গল্প।
এই ছবিতে আরো অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য। অন্যদিকে সম্প্রতি হানিফ সংকেত পরিচালিত ‘আলোকিত অন্ধকার’ নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির শুটিং হয়েছে মানিকগঞ্জে অবস্থিত ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম প্রমূখ। নাটকটি ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
সময়ের আলো/এম